West Bengal Government

ডিজেল বিক্রিতে শিথিলতা পশ্চিমবঙ্গ সরকারের

রাজ্য

কৃষি, স্বাস্থ্য পরিষেবা, চা শিল্প-সহ একাধিক অত্যাবশ্যক ক্ষেত্রের স্বার্থে ডিজেল বিক্রির উপর আরোপিত বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই সরকার দ্রুত পদক্ষেপ করেছে। সম্প্রতি পাত্র বা ব্যারেলে ডিজেল সরবরাহের উপর যে বিধিনিষেধ জারি ছিল, তার ফলে কৃষক, হাসপাতাল এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা মারাত্মক সমস্যার মুখে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, রাজ্য সরকার দেশের প্রধান তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে, যাতে স্বাস্থ্য পরিষেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা বাগানের মতো অত্যাবশ্যক ক্ষেত্রগুলিকে এই বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়।
ফলে সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা এবং গ্রাহকরা এখন থেকে ব্যারেলে সহজেই ডিজেল কিনে পরিবহণ করতে পারবেন। একই সঙ্গে এই সব ক্ষেত্রে দৈনিক জ্বালানি সরবরাহের সর্বোচ্চ সীমাও তুলে নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
তবে ডিজেল সংগ্রহের ক্ষেত্রে গ্রাহকদের নির্দিষ্ট পরিচয়পত্র দেখাতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘নিরবচ্ছিন্নভাবে ডিজেল পাওয়ার জন্য গ্রাহকদের কেবলমাত্র প্রাথমিক পরিচয়পত্র দেখালেই হবে।’
সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে অত্যাবশ্যক পরিষেবা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে আর কোনও বিঘ্ন ঘটবে না।

Comments :0

Login to leave a comment