সাতসকালে রেললাইনের ধার থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বর্মনপাড়া এলাকায়। মঙ্গলবার সকালে ৬৬/৪ নম্বর রেল পিলারের কাছে বছর ৬৫-র ওই বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রমণী রায়। তাঁর বাড়ি বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকায়।
পরিবারের দাবি, এটি কোনও সাধারণ দুর্ঘটনা বা আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে তাঁদের মনে হচ্ছে বৃদ্ধাকে খুন করে রেললাইনের ধারে ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় ধূপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে পরিবার।
মৃতার পরিবারের দাবি, "রেললাইনের ধার থেকে দেহ উদ্ধার হলেও আমরা নিশ্চিত এটা পরিকল্পিত খুন। আমরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছি এবং সঠিক তদন্তের দাবি করছি।"
রেল পুলিশ ও স্থানীয় থানা ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। সাতসকালে এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি যথেষ্ট উত্তেজনা রয়েছে।
Comments :0