পশ্চিমবঙ্গে বিজেপি’র জয় এসেছে একাধিক কারণে। যার অন্যতম দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের বিপক্ষে প্রতিষ্ঠান বিরোধিতার মনোভাব।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে এই মত জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। সোমবার পলিট ব্যুরো বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি’র সামম্প্রদায়িক বিভাজনের প্রচার, উগ্র বিদ্বেষ ভাষণ, বিপুল অঙ্কের টাকা খরচ এবং নির্বাচন কমিশন সহ কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারও এই ফলাফলের পিছনে কাজ করেছে। রয়েছে এসআইআর প্রক্রিয়ার অবদানও।
বিবৃতিতে বলা হয়েছে, পাঁচ রাজ্যের ফলাফলে দু’টি বড় বিষয় সামনে এসেছে। কেরালায় বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের পতন এবং পশ্চিমবঙ্গে বিজেপি’র জয়। তামিলনাডুতে বিজেপি নেতৃত্বাধীন জোটও ধাক্কা খেয়েছে। বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে।
পলিট ব্যুরো বলেছে, আসামে বিজেপি ফের সরকার গড়ার জায়গায় পৌঁছেছে। পুদুচেরিতে এনআর কংগ্রেসও ফের জয়ী হয়েছে।
পলিট ব্যুরো বলেছে, কেরালায় টানা দশ বছর সরকার চালানোর পর পরাজিত হয়েছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার। জনকল্যাণের জন্য সর্বোচ্চ উদ্যোগ নিয়েছে এই সরকার। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বারবার আর্থিক বাধা তৈরি করলেও জনকল্যাণের কাজ অব্যাহত রেখেছে কেরালা সরকার।
পলিট ব্যুরো বলেছে, পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে দক্ষিণপন্থী সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসীন হচ্ছে। সব ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল এবং গণতান্ত্রিক শক্তির কাছে বিষয়টি গভীর উদ্বেগের।
পলিট ব্যুরো ধন্যবাদ জানিয়েছে পাঁচ রাজ্যের জনতাকে যাঁরা পার্টি এবং তার সহযোগীদের পক্ষে মত জানিয়েছেন। ধন্যবাদ জানিয়েছে সব স্তরের পার্টিকর্মীদের। বলা হয়েছে, ধর্মনিপেক্ষতা, গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষার পক্ষে সংগ্রাম জারি রাখবে সিপিআই(এম)।
Polit Bureau on Verdict '26
পাঁচ রাজ্যের ফলাফল প্রসঙ্গে বিবৃতি পলিট ব্যুরোর
×
Comments :0