তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সঙ্গে যুক্ত একটি উর্দু সংবাদপত্রে প্রায় ৬০ কোটি টাকার আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ খুঁজে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে এই দাবি করা হয়েছে। অভিযোগের আর্থিক সূত্র এবং লেনদেনের প্রকৃতি খতিয়ে দেখতে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায় ইডি।
সোমবার, ৭ সেপ্টেম্বর সকালে নাদিমুল হক এবং তার সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়। মঙ্গলবার ভোরে সেই অভিযান শেষ হয়। কলকাতার পাশাপাশি দিল্লি ও রাঁচির আরও সাতটি জায়গাতেও তল্লাশি চালানো হয়। এর মধ্যে কলকাতার পার্ক সার্কাস এলাকায় সংবাদপত্রটির দপ্তর এবং নাদিমুল হকের সঙ্গে যুক্ত কয়েকটি জায়গাও ছিল।
ইডি সূত্রের দাবি, তল্লাশির সময় ব্যাঙ্ক লেনদেনের নথি, আর্থিক হিসাবপত্র এবং বিভিন্ন ডিজিটাল নথি পরীক্ষা করা হয়েছে। লেনদেনের সম্পূর্ণ ‘ট্রেল’ বা অর্থের গতিপথ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ওই অর্থের প্রকৃত উৎস এবং লেনদেনের ধরনও তদন্তকারীরা জানার চেষ্টা করছেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিকের দাবি, প্রায় ৬০ কোটি টাকা মূল্যের বেশ কিছু লেনদেনে অসঙ্গতি পাওয়া গিয়েছে। ওই লেনদেনগুলির পক্ষে প্রয়োজনীয় নথি বা সন্তোষজনক প্রমাণ তল্লাশির সময় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে দাবি ইডির। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এগুলি প্রকৃত ব্যবসায়িক লেনদেন ছিল, নাকি অন্য কোনও পথে অর্থ স্থানান্তর করা হয়েছিল।
ইডি সূত্রে আরও দাবি, কিছু অর্থ হাওয়ালা চ্যানেলের মাধ্যমে ঘোরানো হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সংবাদপত্রটির সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত অর্থের গতিবিধি নিয়েও তদন্ত চালানো হচ্ছে বলে সূত্রের দাবি।
তল্লাশি অভিযানের সময় কলকাতায় নিজের বাড়ি ও অফিসে নাদিমুল হককে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। অভিযান শুরুর সময় তিনি রাঁচিতে ছিলেন। পরে সোমবার রাতে তাকে কলকাতায় নিয়ে আসা হয় এবং তার বাড়ি ও অফিসে তল্লাশির সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে ইডি সূত্রের দাবি।
এই তদন্তের সূত্রপাত বিধাননগর পুলিশ কমিশনারেটে দায়ের হওয়া একটি এফআইআর থেকে। পরবর্তীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও এই ঘটনায় এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ECIR) দায়ের করে। মামলায় বেআইনি ও হিসাব-বহির্ভূত আর্থিক লেনদেন এবং সন্দেহজনক উৎস থেকে অর্থ গ্রহণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি ইডি। তদন্তকারীরা বর্তমানে উদ্ধার হওয়া আর্থিক ও ডিজিটাল নথি বিশ্লেষণ করে লেনদেনগুলির প্রকৃত চরিত্র এবং অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন।
TMC
নাদিমুল হকের সংবাদপত্রে ৬০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টার বেশি তল্লাশি ইডির
×
Comments :0