ডুয়ার্সের সবুজ বুক চিরে চলে যাওয়া পিচঢালা রাস্তায় ফের দেখা মিলল গজরাজের। বুধবার সকালে চালসা-লাটাগুড়ি সংলগ্ন জাতীয় সড়কে একটি পূর্ণবয়স্ক দাঁতালকে হেলতে-দুলতে রাস্তা পার হতে দেখে রীতিমতো হুলুস্থুল পড়ে যায় এলাকায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি; বরং বেশ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকা পর্যটকদের কাছে এই দৃশ্য ছিল এক উপরি পাওনা।
বন দপ্তর সূত্রে খবর, ডুয়ার্সের এই অঞ্চলটি হাতির যাতায়াতের একটি করিডোর। ফলে মাঝেমধ্যেই এখানে বন্যপ্রাণের দেখা মেলে। এদিনও হাতিটি রাস্তা পার হয়ে ফের লাটাগুড়ির ঘন জঙ্গলে ঢুকে পড়লে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল শুরু হয়। পর্যটকদের কথায়, "সাফারিতে গিয়ে অনেক সময় দেখা মেলে না, কিন্তু এভাবে মাঝরাস্তায় গজরাজের দর্শন পেয়ে আমরা আপ্লুত।"
উল্লেখ্য, এই রুটে মাঝেমধ্যেই বন্যপ্রাণীরা লোকালয় বা রাস্তা পারাপার করে। বন দপ্তরের পক্ষ থেকে বারংবার চালকদের সতর্ক করা হয় যাতে জঙ্গলের রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা হয়, যাতে কোনওভাবেই বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা না থাকে।
Elephants
ডুয়ার্সের জাতীয় সড়কে গজরাজ, খুশি পর্যটকরা
×
Comments :0