Aparupa Poddar

আরও বিপাকে প্রাক্তন তৃণমূল সাংসদ

রাজ্য জেলা

 আরও বিপাকে তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও বিপাকে পড়তে চলেছেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ। কড়া পদক্ষেপের পথে হেঁটেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। যুক্ত হয়েছে জামিন অযোগ্য ধারা। গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার বেলা ১২টার মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। পুলিশ সূত্রে খবর, হাজিরা না দিয়ে নিজের আইডি থেকে ই-মেইল করেছেন অপরূপা। আইনজীবী মারফত পাঠানো সেই ই-মেইলে তিনি হাজিরার জন্য আরও সময় চেয়েছেন। বৃহস্পতিবার শ্রীরামপুর থানায় চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব সহ উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে এক রুদ্ধশ্বাস বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার জানান, ‘‘অপরূপা পোদ্দারকে আবার নোটিশ পাঠানো হয়েছে। ফের থানায় আসতে বলা হয়েছে। বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে পুলিশ অতিরিক্ত আবেদন জানিয়েছে। মামলায় আরও কিছু নন-বেইলেবল সেকশন অর্থাৎ জামিন অযোগ্য ধারা যুক্ত করা হয়েছে।’’ হাজিরা না দিলে পুলিশ কড়া পদক্ষেপ করতে পারে। ফলে অপরূপা পোদ্দারের আইনি বিপদ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য , মঙ্গলবার প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেপ্তার করে এনআইএ। তিনি তৃণমূল কাউন্সিলর। তাকে যখন বাড়ি থেকে বার করে গাড়িতে তোলা হচ্ছিল সেই সময় পুলিশকে ধমক দিয়ে বিতর্কে জড়ান অপরূপা। স্বামীর গ্রেপ্তারির পরে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। সেই ঘটনায় মামলা রুজু হয়। জামিন অযোগ্য ধারা যুক্ত হওয়ায় চাপে প্রাক্তন সাংসদ। শুক্রবার তিনি থানায় হাজিরা দেন কি না, সেদিকেই নজর সবার।

Comments :0

Login to leave a comment