CPI(M) Book Stall

বানারহাটে প্রগতিশীল বুকস্টলে বাধা, প্রতিবাদে উদ্যোক্তারা

জেলা

প্রায় ৬০ বছরের ঐতিহ্যবাহী প্রগতিশীল বুকস্টলকে নির্দিষ্ট জায়গায় বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বানারহাট সার্বজনীন দুর্গোৎসবের পুজো ও মেলা কমিটির বিরুদ্ধে। প্রগতিশীল সাহিত্য ও পত্রপত্রিকার প্রচারে বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। বুকস্টলের উদ্যোক্তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, বাধা আসলেও বই বিক্রি ও প্রগতিশীল সাহিত্যের প্রচার বন্ধ করা হবে না।
উদ্যোক্তাদের অভিযোগ, দীর্ঘদিনের প্রথা মেনে গত ১২ অক্টোবর বুকস্টলের জন্য নির্দিষ্ট জায়গাটি চিহ্নিত করে সেখানে ‘প্রগতিশীল বুকস্টল’ লেখা লেবেল লাগানো হয়েছিল। কিন্তু তার পরেই রাতের অন্ধকারে ওই জায়গায় নতুন কাঠামো তৈরি করে তা দখল করে নেওয়া হয়। এই কাজের পিছনে পুজো ও মেলা কমিটির ভূমিকা রয়েছে বলে অভিযোগ।
বানারহাট সার্বজনীন দুর্গোৎসবের মেলা প্রাঙ্গণে দীর্ঘ ৬০ বছর ধরেই এই বুকস্টল বসে আসছে। উদ্যোক্তাদের দাবি, অতীতে বুকস্টল বসানোর জন্য আলাদা করে অনুমতি নিতে হয়নি। তবে নতুন কমিটি গঠিত হওয়ার পর নিয়ম মেনেই সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছিল। প্রথমে সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও পরে কমিটির পক্ষ থেকে অসহযোগিতা করা হয় বলে অভিযোগ।
বুকস্টলের উদ্যোক্তাদের আরও অভিযোগ, রাজনৈতিক স্বার্থে এবং আরএসএসের মতো সংগঠনের স্টল বসানোর প্রসঙ্গকে সামনে রেখে প্রগতিশীল বুকস্টলকে তার পুরনো জায়গায় বসতে বাধা দেওয়া হচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে পুজো কমিটির বক্তব্য জানা যায়নি। তবে বাধার ঘটনায় স্থানীয় স্তরে প্রতিবাদ শুরু হয়েছে।
পরিস্থিতির মোকাবিলায় পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বানারহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করে লিখিত স্মারকলিপি জমা দেয়। পাশাপাশি ই-মেল ও অনলাইনের মাধ্যমে বিডিও এবং এসিপির কাছেও অভিযোগ জানানো হয়েছে। পুলিশের আশ্বাসের পর ঘটনাস্থলে গেলে পুজো কমিটির একাংশের সঙ্গে উদ্যোক্তাদের বাক্‌বিতণ্ডা হয় বলে অভিযোগ। স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষের একাংশও বুকস্টলের পক্ষে সরব হন।
বুকস্টলের অন্যতম উদ্যোক্তা মানিক দত্ত জানান, মেলার পরিবেশ নষ্ট করা বা কোনও সংঘাত তৈরি করা তাঁদের উদ্দেশ্য নয়। কিন্তু বাধা বা হুমকির মুখে প্রগতিশীল বইয়ের প্রচার বন্ধ হবে না। নির্দিষ্ট জায়গায় স্টল বসাতে দেওয়া না হলে বিকল্প জায়গায় দাঁড়িয়েও পাঠকদের হাতে বই তুলে দেওয়ার কাজ চালিয়ে যাবেন।

Comments :0

Login to leave a comment