কবিতা
মুক্তধারা
তোকে আবার....
অভীক চ্যাটার্জি
২০২৬ ফেব্রুয়ারি ৯ | বর্ষ ৩
আমার শহরে আবার সন্ধ্যে নামে
চাঁদ চুমু খায় অট্টালিকার ছাদে
দুজন এখন দুই মেরুতে থাকি
স্বপ্ন ভাঙার টুকরো গুনি হাতে
এই মুঠোভরা অন্য কারোর হাত
তোমার মাথাও অন্য কারোর কাঁধে
আমার শহরে রাত্রি ঘনায় রোজ
চাঁদ ডুবে যায় অট্টালিকার ছাদে
আমার পাহাড় ভালো লাগে বরাবর
তোমায় টানে সমুদ্দুরের নাড়ি
আমি এখন সময় সাগর পারে
কুড়োই কড়ি যখন যেমন পারি
আমার চুলে পাক ধরেছে খুব
কপাল জুড়ে বলিরেখার ঢল
তুমি নিশ্চই কলপ করো রোজ
শুনেছি নাকি এটাই এখন চল
ভাটিয়ালি গান এখনও গাস কি তুই?
মেঠোয়ালী সুর এখনও কানে বাজে
তোর দেওয়া সেই শুকনো গোলাপছড়া,
তাদের খবর গীতবিতানের ভাঁজে।
এসব কথা বলছি কেনো তোকে?
এতকাল পর কি যায় আসে তোর?
এই স্মৃতিতেই আমার রাত্রিযাপন
সেই স্বপ্নেই আমার আসে ভোর।।
Comments :0