গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাওবাদীদের ফেলে যাওয়া ৩টি রাইফেল, ১টি পিস্তল ও ৪৬টি কার্তুজ উদ্ধার করল পুলিশ। পুরুলিয়ার বান্দোয়ান থানার দুয়ারসিনি জঙ্গলের মধ্যে ঝাড়খন্ড ঘেঁষা এলাকায় উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজগুলি। জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, এই ঘটনার পর মাওবাদীদের গতিবিধির উপর নজর রাখতে আরও কড়া অভিযান চালাচ্ছে পুলিশ। সম্প্রতি ঝাড়খন্ড এবং বাঁকুড়া এলাকায় বেশ কয়েকজন মাওবাদী আত্মসমর্পণ করে। ঝাড়খণ্ডে কয়েকজন মাওবাদী ধরাও পড়েছে। তারপর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাংলা ও ঝাড়খন্ড পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে লাগাতার মাওবাদীদের গোপন ডেরার হদিশ চালায়। এর আগে মাওবাদীদের ফেলে যাওয়া বাসনপত্র, খাটিয়া সহ বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছিল। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, জেলা পুলিশ লাগাতার ঝাড়খন্ড লাগোয়া এলাকায় টহলদারি এবং নজরদারি বাড়ায়। এরপরই পুরুলিয়ার বান্দোয়ান থানার দুয়ারসিনি জঙ্গলের মধ্যে মাওবাদীদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ গুলি উদ্ধার করে। জেলায় আরও কোথায় মাওবাদীদের গোপন আস্তানা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Maoists
মাওবাদীদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার বান্দোয়ানে
×
Comments :0