Poetry / KOLKATA, 26 / SOURAV DUTTA / NATUNPATA /4th Year / 24 July 2026

কবিতা / কলকাতা ,২৬ / সৌরভ দত্ত / মুক্তধারা / ৪র্থ বর্ষ / ২৪ জুলাই ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

Poetry   KOLKATA 26   SOURAV DUTTA  NATUNPATA 4th Year  24 July 2026

কবিতা

কলকাতা ,২৬  

সৌরভ দত্ত 


মুক্তধারা / ৪র্থ বর্ষ / ২৪ জুলাই ২০২৬

 

রথের রশির টান মিলিয়ে গেল...
গোছা চুলের মত চুঁইয়ে চুঁইয়ে নামছে 
আকাশের অশ্রুপাত --
প্রতিস্পর্ধী আগুনের মুখোশ সাজলো কলকাতা 
ছাত্র শিবির থেকে কেউ 
বাজিয়ে দিল হল্লাবোল
আমার কোনো বন্ধু গাছ হয়ে দাঁড়িয়ে গেছে নীলরতনের কাছে 
সে চিৎকার করে উঠল আহ্লাদে 
ছেঁড়া পোস্টারের সাথে মুড়ে ছুঁড়ে ফেলে দিল আমাদের 
আমরা কলকাতা,আমরা পার্ক সার্কাস,আমরা ডায়মন্ডহারবার,আমরা ধর্মতলা
সবাই বারুদ জড়ো করছে বূ্কের ভিতর
আরশোলা নই অথবা অজস্র আরশোলা কুড়ে খাচ্ছে সময়
দিল্লির পর কলকাতা শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড 
দীর্ঘ থেকে দীর্ঘতর এ পথক্রান্তি

দাবি নিট কেলেঙ্কারির কালো ছায়া অপসৃত হোক...
প্রতিবাদের পেটে লাথি মেরে কদ্দিন চলবে মশাই...!
হারামের দলে নয় যারা তাদের গর্জে ওঠা স্লোগান
উচ্ছেদ কলোনির শিশুটির নতভার মুখ
পোশাকের অন্তরালে ভেঙে পড়া ডেমোক্রেসির ব্যঙ্গ বিদ্রুপ 
শিক্ষামন্ত্রীর ইস্তফা চায় উত্তাল মহানগর, 
কখনো লেনিন সরণিতে দাঁড়িয়ে গেলেন 
চলমান লেনিন--
কলকাতা যেন রোজা লুক্সেমবার্গ 
ছড়িয়ে পড়ছে মল্লারের সুর 
মিশে যাচ্ছে আজান
রাত দখলের শব্দ , তরঙ্গিত যৌবনের প্ল্যাকার্ড 
অত্যাচারীর নৃশংস চোখ--
হাজার মানুষের ভিড় ডোরিনা ক্রসিংয়ে 
মিছিলের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ ঝোড়োকাক
উড়ে আসছে বোতল,জুতো, অসংখ্য ক্লেদধ্বনি,মিম....
বুঝতে পারছে না কি করবে! কিছু একটা হতে চলেছে 
ফেভারিট কেবিনে বসে থাকতে থাকতে অজিতকে বললাম 
চলো‌ অজিত এবার ওঠা যাক...
এ দুর্ভাগা দেশের কিসস্যু  হবে না।


তখনই ভেসে উঠছে মায়কোভস্কির মুখ
বিচ্ছুরিত ছবি আঁকছেন শিল্পীরা
কবিতা লিখছেন কোনো নবারুণ কবি
পচে যাওয়া শহরের বুকে 
মানুষ একদিন সত্যিই বিপ্লবী আরশোলা হয়ে যাবে!

 

Comments :0

Login to leave a comment