আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন শান্তিপুর পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার প্রণয় কুন্ডু। সোমবার পৌরসভা চত্বরে ৮,০০০ টাকা নগদ সমেত তাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে তোলাবাজি ও স্বজনপোষণের নানাবিধ অভিযোগ উঠছিল বলে স্থানীয় সূত্রের খবর।
ঘটনার সূত্রপাত সম্প্রতি একটি আবাসের ঘর মঞ্জুর করাকে কেন্দ্র করে। অভিযোগ, এক উপভোক্তা মহিলাকে সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ হাজার টাকা দাবি করেন ওই সিভিল ইঞ্জিনিয়ার। নিরুপায় হয়ে ওই মহিলা প্রথমে ৮হাজার টাকা দিতে রাজি হন এবং সোমবার পৌরসভায় প্রণয়বাবুর অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন।
তবে ঘুষের টাকা দেওয়ার আগেই সতর্কতামূলক পদক্ষেপ নেন ওই মহিলা। প্রমান হিসেবে তিনি যে নোটগুলি প্রণয়বাবুকে দিতে যাচ্ছিলেন, তার সবকটি টাকার সিরিয়াল নম্বর আগে থেকেই ভিডিও রেকর্ড করে নিজের ফোনে রেখে দেন। পৌরসভা অফিসে অভিযুক্ত ইঞ্জিনিয়ার টাকাটি হাত বাড়িয়ে গ্রহণ করা মাত্রই ওত পেতে থাকা সাধারণ মানুষ ও অভিযোগকারী মহিলা তাকে ঘেড়াও করেন এবং নগদ টাকা সমেত হাতেনাতে ধরে ফেলেন।
ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয় পৌরসভা চত্বর। অভিযুক্ত প্রণয় কুন্ডুর ওপর চড়াও হন ক্ষুব্ধ জনতা। তাকে লক্ষ্য করে চলে অস্রাব্য গালিগালাজ এবং শুরু হয়। ডিমও নিক্ষেপ করা হয়। পৌরকর্মীদের সামনেই চিৎকার ও ‘চোর চোর’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে উদ্ধার করে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হলে, পুলিশের উপস্থিতিতেই তার দিকে তেড়ে যান উত্তেজিত বাসিন্দারা এবং একের পর এক ডিম ছোড়া হয়। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রণয় কুন্ডু। তার দাবি, ‘‘আমি একজন পেশাদার সিভিল ইঞ্জিনিয়ার। একটি ব্যক্তিগত বিল্ডিং প্ল্যান পাস করিয়ে দেওয়ার বাবদ ১৫ হাজার টাকা চুক্তি হয়েছিল, তার মধ্যে অগ্রিম হিসেবে উনি আমাকে ৮ হাজার টাকা দিতে এসেছিলেন। কিন্তু কী কারণে উনি আমার বিরুদ্ধে কাটমানির মিথ্যা অভিযোগ তুলছেন তা আমার জানা নেই।’’ একই সঙ্গে তাকে ঘিরে ধরে হেনস্থা করা, ডিম ছোড়া এবং গালিগালাজ করার অপরাধে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পাল্টা লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর পৌরসভা ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Awas-Yojana Cut Money
আবাস প্রকল্প পাইয়ে দেওয়ার নামে কাটমানি, ধৃত পৌরসভার ইঞ্জিনিয়ার
×
Comments :0