CPIM POLIT BUREAU

'ইসরো'-র বেসরকারিকরণের বন্ধ করতে হবে এখনই, দাবি পলিট ব্যুরোর

জাতীয়

দেশের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র বেসরকারিকরণের তীব্র বিরোধিতা করলো সিপিআই(এম) পলিট ব্যুরো। দেশের কৌশলগত স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরোর বেসরকারিকরণ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে পলিট ব্যুরো।
পলিট ব্যুরো বলেছে যে প্রতিরক্ষা, কৃষি, দুর্যোগ মোকাবিলা, আবহাওয়া পূর্বাভাস এবং রিমোট সেন্সিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইসরোর অবদান দেশের অর্থনীতি ও নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সাত দশকেরও বেশি সময় ধরে ভারতীয় বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কর্মীদের নিরলস পরিশ্রমে গড়ে ওঠা এই কৌশলগত পরিকাঠামো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হলে দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অপ্রয়োজনীয় নির্ভরতা তৈরি হবে।
ইন-স্পেস-এর চেয়ারম্যান পবন গোয়েঙ্কা সম্প্রতি বলেছেন যে ‘ইসরো’ আর লঞ্চ ভেহিকল বা উৎক্ষেপণ যান তৈরি করবে না। এই পরিকল্পনার পিছনে গভীরতর উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছে সিপিআই(এম) পলিট ব্যুরো। অভিযোগ, এর মাধ্যমে দীর্ঘ সাত দশকে রাষ্ট্রীয় অর্থ ও বিজ্ঞানীদের পরিশ্রমে গড়ে ওঠা মহাকাশ গবেষণার পরিকাঠামো ধীরে ধীরে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পথ তৈরি হচ্ছে।
সিপিআই(এম) পলিট ব্যুরোর দাবি, এই পরিবর্তন ভারতীয় মহাকাশ নীতি, ২০২৩-এর সঙ্গে সরাসরি সম্পর্কিত। ওই নীতির মাধ্যমে মহাকাশ ক্ষেত্রকে বেসরকারি ক্ষেত্রের জন্য কার্যত উন্মুক্ত করা হয়েছে এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও একাধিক সুযোগ ও ছাড় দেওয়া হয়েছে। উৎক্ষেপণ ব্যবস্থায় খরচ কমানোর যুক্তি দেখিয়ে এই নীতি গ্রহণ করা হলেও এর ফলে দেশের কৌশলগত স্বনির্ভরতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পলিট ব্যুরো।
২০২৬ সালের মার্চে পেশ করা বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টের কথাও উল্লেখ করেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। পলিট ব্যুরো বলেছে, সরকারি সম্পদ বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও তথ্যের অভাব নিয়ে ওই কমিটিও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।
‘ইসরো’-র কর্মী সংগঠনগুলির যৌথ অ্যাকশন কমিটি ইসরো প্রধান ভি নারায়ণনকে চিঠি দিয়ে বেসরকারিকরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে। চাপে পড়ে ‘ইসরো’ ব্যাখ্যা হাজির করে। বলা হয় যে বেসরকারিকরণের আশঙ্কার ভিত্তি নেই। 
সিপিআই(এম)-এর বক্তব্য, ‘ইসরো’ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও জাতীয় নিরাপত্তা এবং দেশের কৌশলগত স্বার্থ নিয়ে মূল উদ্বেগের কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি।
সিপিআই(এম) জানিয়েছে, দেশের কৌশলগত স্বার্থ রক্ষা এবং ইসরোকে আরও শক্তিশালী করার দাবিতে আন্দোলনরত বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও কর্মীদের পাশে রয়েছে পার্টি। মহাকাশ গবেষণার মতো গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রতিষ্ঠানকে বেসরকারি হাতে তুলে দেওয়ার যে কোনও প্রচেষ্টার বিরোধিতা করা হবে বলেও স্পষ্ট জানিয়েছে পলিট ব্যুরো।

Comments :0

Login to leave a comment