কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বুধবার শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভিত্থলরাও ঘুগে। রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস তথা কোর্টরুম ১-এ আয়োজিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার রবীন্দ্রনাথ বসু-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শপথগ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে প্রধান বিচারপতি বিচারাধীন মামলার সংখ্যা কমানোকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন। একইসঙ্গে সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি যে আস্থা রয়েছে, তা অটুট রাখার উপরেও জোর দেন তিনি।
বিচারপতি ঘুগে বলেন, ভবিষ্যতের দিকে তাকিয়ে নিশ্চিত করতে হবে যাতে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষদের কাছেও ন্যায়ের দরজা সবসময় খোলা থাকে। আদালতের পরিষেবা আরও সহজলভ্য ও কার্যপ্রণালী আরও স্বচ্ছ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেন তিনি।
বিচারপতি ও আইনজীবীদের ‘ন্যায়ের সোনার রথের দুই চাকা’ বলে উল্লেখ করে তিনি বলেন, দুই পক্ষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও ন্যায়সঙ্গতভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
মুম্বই হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে আসার প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে এসে তিনি খুব বেশি পার্থক্য অনুভব করেননি। দেশের প্রাচীনতম হাইকোর্টের দায়িত্ব পাওয়াকে তিনি ‘শব্দের ঊর্ধ্বে এক সম্মান’ বলে উল্লেখ করেন। তার বক্তব্যে উঠে আসে বাংলার ঐতিহাসিক গুরুত্বও। ভারতের নবজাগরণের অন্যতম কেন্দ্র এবং স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান হিসেবে বাংলার ভূমিকার কথা স্মরণ করেন তিনি।
বিচারপতি ঘুগে এর আগে বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ২১ জুন তিনি বম্বে হাইকোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন। ২০২৬ সালের ১ জুন তাঁকে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করা হয়েছিল।
১৯৯০ সালে শাহাজি ল কলেজ, কোলহাপুর এবং এমপি ল কলেজ, ঔরঙ্গাবাদ থেকে পাঁচ বছরের আইন কোর্স সম্পন্ন করার পর ওই বছরই বম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। কর্মজীবনের প্রথম পর্যায়ে শ্রমিক ও শ্রমিক সংগঠনের হয়ে প্রায় ২,০০০টি মামলায় সওয়াল করেন। পাশাপাশি প্রায় ২৫০টি শিল্পপ্রতিষ্ঠানের হয়ে বম্বে হাইকোর্ট, শ্রম আদালত, শিল্প আদালত ও বিভিন্ন ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে একাধিক বহুজাতিক সংস্থা এবং বৃহৎ বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানও ছিল।
Kolkata High Court
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভিত্থলরাও ঘুগে
×
Comments :0