প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ পালন করবে বিজেপি। পশ্চিমবঙ্গেও বুথ থেকে জেলা স্তর পর্যন্ত মাসব্যাপী এই কর্মসূচি পালনের ঘোষণা করেছে রাজ্য বিজেপি।
সোমবার সল্টলেকে রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য জানান, আগামী ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার ২৫ বছর পূর্ণ হবে। এই দীর্ঘ প্রশাসনিক যাত্রা এবং মোদী সরকারের বিভিন্ন প্রকল্প মানুষের সামনে তুলে ধরতেই এই কর্মসূচি বলে জানান তিনি।
শমীক ভট্টাচার্য বলেন, ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের প্রতিটি বুথ, মণ্ডল, ব্লক, মহকুমা ও জেলা স্তরে কর্মসূচি নেওয়া হবে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর প্রতিটি জেলা সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির বিস্তারিত রূপরেখা জানানো হবে।
মোদীর জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজ্যের প্রতিটি বুথে অন্তত ২৫টি প্রদীপ জ্বালানোর কর্মসূচিও নেওয়া হয়েছে। পাশাপাশি ‘নমো সেবা গাথা’ নামে তথ্যচিত্র ও থিম সং প্রকাশ এবং ‘সেবা জ্যোতি যাত্রা’র মাধ্যমে জেলা ও মণ্ডল স্তরে কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিজেপির ঘোষিত কর্মসূচির অন্যতম অংশ ‘সেবায় আমার অবদান’। পরিচ্ছন্নতা, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, জল সংরক্ষণ, নদী ও জলাধার সংস্কার এবং বর্জ্য পৃথকীকরণের মতো সামাজিক কাজে সাধারণ মানুষকে যুক্ত করার কথা বলা হয়েছে।
এছাড়া সেবা সেতু অভিযান-এর মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত যোগ্যদের সহায়তা করার উদ্যোগ নেওয়া হবে। ব্লক স্তরে তিন দিনের শিবির করে আবেদনপত্র পূরণ, ডিজিটাল প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্য দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্যভাতা-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা যোগ্যদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।
শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজনৈতিক কারণে এবং আগের রাজ্য সরকারের অসহযোগিতায় পিএম সূর্য ঘর, আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা ও কিষান সম্মান নিধির মতো কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের বহু মানুষ বঞ্চিত হয়েছেন।
শিশুদের জন্য বসে আঁকা, আবৃত্তি-সহ বিভিন্ন প্রতিযোগিতা এবং কলকাতাসহ পাঁচটি শহরে বিজ্ঞান কংগ্রেস আয়োজনের কথাও জানানো হয়েছে। চারুকলা কলেজগুলিকে যুক্ত করে মোদীর প্রশাসনিক যাত্রা ও কেন্দ্রীয় প্রকল্প তুলে ধরার পরিকল্পনাও রয়েছে। একইসঙ্গে ২৫ লক্ষ উপভোক্তা পরিবারের ‘সাফল্যের কাহিনী’ সংগ্রহ করে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রচার করা হবে বলে জানিয়েছে বিজেপি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘গেরুয়া বঙ্গ’ প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, বিজেপি এই শব্দবন্ধে বিশ্বাস করে না। গেরুয়া ত্যাগ ও ভারতীয় সংস্কৃতির প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীকে এই কর্মসূচির মধ্যে পশ্চিমবঙ্গে আনার কোনও পরিকল্পনা রয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর নিয়ে দলের কাছে এই মুহূর্তে নির্দিষ্ট কোনও তথ্য নেই।
‘জেন-জি’ প্রসঙ্গে শমীক বলেন, তরুণদের প্রশ্ন করার এবং নিজেদের বক্তব্য প্রকাশের অধিকার রয়েছে। সামাজিক সমস্যা নিয়ে তরুণদের প্রশ্ন ও প্রতিবাদকে গণতন্ত্রের ইতিবাচক দিক বলেও মন্তব্য করেন তিনি।
বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে বিতর্ক প্রসঙ্গে তার বক্তব্য, কে কী খাবেন বা পরবেন তা ব্যক্তিগত পছন্দের বিষয়। মাছ-মাংস খাওয়া বা নিরামিষ থাকা নিয়ে বিজেপির কোনও নির্দেশ নেই বলেও দাবি করেন তিনি।
BJP
মোদীর ২৫ বছর প্রশাসনিক যাত্রা, ১৭ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ বিজেপির
×
Comments :0