INDIA USA TRADE

পীযুষ গোয়েলের আশ্বাস কৃষি ক্ষেত্রে কোন সমস্যা হবে না, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা

জাতীয় আন্তর্জাতিক

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক চুক্তি নিয়ে বুধবার উত্তাল হল সংসদ। দীর্ঘ টালবাহানা আর শুল্ক-সংক্রান্ত টানাপোড়েনের পর এই চুক্তির বিস্তারিত তথ্য লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। তবে সরকারকে এই বিল নিয়ে সংসদে নিশানা করেন বিরোধীরা।
বিরোধী সাংসদদের হট্টগোলের মধ্যেই বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আশ্বাস দেন যে, কৃষিকাজ এবং দুগ্ধশিল্পের মতো ভারতের স্পর্শকাতর ক্ষেত্রগুলিকে সুরক্ষাকবচ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘দীর্ঘ এক বছরের আলোচনার পর দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে। ভারত সরকার নিশ্চিত করেছে যাতে কৃষকদের স্বার্থে কোন আপস না করা হয়। বিশেষত কৃষি ও দুগ্ধজাত পণ্য আমদানির ক্ষেত্রে ভারতের শর্তাবলি অটুট রাখা হয়েছে।’
উল্লেখ্য, গত বছর ট্রাম্প ভারতের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপিয়েছিলেন। ইউক্রেন যুদ্ধের আবহে ভারত রাশিয়ার থেকে তেল কেনায় ওয়াশিংটন অভিযোগ করেছিল যে, নয়াদিল্লি পরোক্ষভাবে মস্কোকে সাহায্য করছে। এই ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই বাণিজ্য চুক্তিটি দীর্ঘ সময় ধরে ঝুলে ছিল।
অবশেষে সোমবার দুই দেশের মধ্যে এই চুক্তি ঘোষিত হয়। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ জানান যে, ভারতের ওপর আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপের পরেই এই ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রীও ভারতকে এই বিশেষ সুবিধা দেওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং বলেন এর ফলে 'মেড ইন ইন্ডিয়া' পণ্য বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক হবে।
শাসক পক্ষ এই চুক্তিকে 'মাস্টারস্ট্রোক' হিসেবে বর্ণনা করলেও, বিরোধীরা সরকারের কড়া সমালোচনা করেছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী মার্কিন চাপের কাছে নতিস্বীকার করেছেন। তার কথায়, প্রধানমন্ত্রী দেশের কৃষকদের স্বার্থ এবং দেশের সম্মান বিক্রি করে দিয়েছেন।
সরকারি সূত্রে অবশ্য দাবি করা হয়েছে যে, এই চুক্তির মাধ্যমে ভারত কেবল তার বাজারকেই সুরক্ষিত রাখেনি, বরং মার্কিন বাজারে ভারতীয় পণ্যের অবাধ প্রবেশের পথ আরও প্রশস্ত করেছে। বিশেষত কৌশলগত জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে ভেনেজুয়েলা থেকে তেল আমদানির বিষয়টি এই চুক্তির অন্যতম বড় দিক হতে চলেছে।
আমেরিকার অভ্যন্তরে বিভিন্ন মহলে এই চুক্তি নিয়ে যা আলোচনা সামনে আসছে, তাতে সন্দেহ আরও বাড়ছে। ট্রাম্প ঘোষণা করেছেন, ভারত আমেরিকার ওপর সমস্ত রকম শুল্ক ও শুল্ক-বহির্ভূত বাধা শূন্যে নামিয়ে আনবে। কৃষি, বিদ্যুত, বৈদ্যুতিন পণ্য, ভারী শিল্প থেকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এর মারাত্মক প্রভাব পড়তে চলেছে।  খোদ আমেরিকার কৃষি সচিব ব্রুক রোলিন্সের সাম্প্রতিক মন্তব্যই এই আশঙ্কাকে কার্যত খোলসা করে তুলে ধরেছে। ট্রাম্পের ঘোষণার পর সোমবার রোলিন্স এক পোস্টে বলেন, ‘‘চুক্তি অনুযায়ী ভারতের বিশাল বাজারে মার্কিন কৃষিজ পণ্যের অবাধ বিচরণ সম্ভবপর হবে। আমেরিকার গ্রামাঞ্চলে বিপুল পরিমান নগদ অর্থায়ন হবে।  ভারতের সঙ্গে আমেরিকার ১৩০ কোটি ডলারের কৃষি ঘাটতি কমবে।  
কৃষি ক্ষেত্রের মতো ভারতের খুচরো থেকে বৃহৎ উৎপাদনী ক্ষেত্র সার্বিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। ওয়াশিংটনের চাপের কাছে সমর্পণ করেই যে মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তা কার্যত পরিষ্কার। ভারত নিজের বাজার সম্পূর্ণ খুলে দিলেও আমেরিকা তার দরজা বন্ধ রেখেছে। এই ধরণের বাণিজ্য সম্পর্ক মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়, বরং পুরোপুরি বৈষম্যমূলক। শুল্ক-মুক্ত মার্কিন পণ্য ভারতের বাজারে সুনামির মতো ঢুকে পড়লে,  দেশীয় শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষকরা টিকে থাকতে পারবেন না। আমেরিকার সরকারি ভরতুকিপ্রাপ্ত শিল্প ভারতের এই সমস্ত ক্ষেত্রকে দেউলিয়া করে ছাড়বে।
দেশের কারখানা বন্ধ হলে বা উৎপাদন কমলে হাজার হাজার শ্রমিকের রুজি-রোজগার হারানোর আশঙ্কা তৈরি হবে। সেই শূন্যস্থান পূরণ করবে বিদেশি কর্পোরেট মুনাফা। এই ধাঁচের চুক্তির ধাক্কায় আমদানি বাড়বে এবং রপ্তানি তলানিতে গিয়ে ঠেকবে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারে চাপ পড়বে, ডলার পিছু টাকার দর আরও কমবে। ‘শূন্য বাধা’ মানে মার্কিন ‘টেক-জায়ান্ট’-দের হাতে ভারতের তথ্য, ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইন অর্থনীতির আরও বেশি নিয়ন্ত্রণ চলে যাওয়া। এর ফলে কোণঠাসা হবেন দেশীয় স্টার্টআপ ও উদ্ভাবকরা। 
পাশাপাশি, আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যের সমস্ত নিয়ন্ত্রণ নিজের হাতে রাখলে, এই অর্থনৈতিক শক্তি রাজনৈতিক চাপের রূপ নেবে— যা ভারতের স্বাধীন বিদেশ নীতিকে সীমাবদ্ধ করবে। শক্তিশালী ও স্বনির্ভর অর্থনীতি গড়ার বদলে, ভারত বিদেশি পণ্যের বিশাল বাজারে পরিণত হবে। এতে জাতীয় অর্থনীতি মারাত্মক ঝুঁকির মুখোমুখি হবে। উৎপাদনের চেয়ে ভোগ প্রধান হবে। দীর্ঘমেয়াদে দেশের শিল্প-নিষ্কাশনের পথ প্রশস্ত হবে।

Comments :0

Login to leave a comment