মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একতরফা কাজের ধারা নিয়ে দায়ের আবেদনের শুনানি আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। কমিশনের দায়ের হলফনামার পরিপ্রেক্ষিতে বক্তব্য দশ দিনের মধ্যে জানানোর নির্দেশ আবেদনকারীদের দিয়েছে আদালত। ১৭ নভেম্বর মামলার ফের শুনানি হবে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে।
কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের কাজের ধারা সংক্রান্ত প্রথম আবেদন জমা পড়ে ৫ অক্টোবর। আবেদনে জ্ঞানেশ কুমারকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দিতে বলা হয়। বেঞ্চ জানায় মুখ্য নির্বাচন কমিশনারের তরফে বক্তব্য না শুনে তা করা হবে না।
জ্ঞানেশ কুমারের বিপক্ষে এরপর একাধিক আবেদন জমা পড়ে। তার মধ্যে রয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং ‘ইন্ডিয়া’ মঞ্চের নেতৃবৃন্দের দায়ের আবেদনও। এই আবেদনের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, নির্বাচন কমিশনের ফাইল নোটিং এবং অভ্যন্তরীণ বক্তব্য নথিভুক্তি সংক্রান্ত নথি সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হোক। সিদ্ধান্ত একতরফা না কমিশনে আলোচনার ভিত্তিতে গৃহীত তা থেকে বোঝা যাবে।
উল্লেখ্য, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-র প্রতিবেদনে বলা হয় এসআইআর প্রক্রিয়া চলাকালীন দুই নির্বাচন কমিশনার দশ মাসে ১৪ বার চিঠি লিখে বিভিন্ন সিদ্ধান্তে আপত্তি জানান। একাধিক ক্ষেত্রে তাঁরা প্রশ্ন তোলেন যে সিদ্ধান্ত নিল কে। এমনকি টানা কয়েকমাস কমিশনের মিটিং না হওয়ার অভিযোগও জানান তাঁরা।
তবে এই মামলায় জ্ঞানেশ কুমারের পক্ষে দায়ের হলফনামায় দাবি করা হয় যে সব সিদ্ধান্ত যৌথ আলোচনা সাপেক্ষেই নেওয়া হয়েছে।
Gyanesh Kumar Case Adjourned
জ্ঞানেশ কুমারের বিপক্ষে দায়ের মামলার শুনানি স্থগিত, ১৭ নভেম্বর পরবর্তী শুনানি
×
Comments :0