Jharkhand Phulsari

অবশেষে বাড়ি ফিরলেন ‘মৃত’ বলে পরিচিত ঝাড়খণ্ডের ফুলসরী

জাতীয় জেলা

মণিরুল হক: হাওড়া
ন’বছর আগে যাকে মৃত বলে মেনে নিয়েছিল পরিবার, সোমবার সেই মেয়েকেই বুকে জড়িয়ে ধরলেন মা। দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তা আর হারানোর যন্ত্রণা শেষে অবশেষে মায়ের কোলে ফিরলেন ঝাড়খণ্ডের ফুলসরী মাহাতো। সোমবার দুপুরে হাওড়ার জয়পুর থানার বাকসীর চিরনবীন হোমে মা প্রেমী মাহাতো ও দাদা রোহিত মাহাতোর হাতে তুলে দেওয়া হল ২৫ বছরের ফুলসরীকে। ন’বছরের ব্যবধান ঘুচিয়ে মা-মেয়ের এই পুনর্মিলনের সাক্ষী থাকল হোমের কর্মীরা। কান্নায় ভেঙে পড়লেন দু’পক্ষই।
সোমবার ভোর ছ’টা নাগাদ ঝাড়খণ্ড থেকে চিরনবীন হোমে পৌঁছন প্রেমী মাহাতো ও রোহিত। আইনি প্রক্রিয়া এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অনুমতি পাওয়ার পর বেলা একটা নাগাদ তাঁদের কাছে নিয়ে আসা হয় ফুলসরীকে। প্রথমে কয়েক মুহূর্ত একে অপরের দিকে তাকিয়ে থাকা। তারপরেই মাকে জড়িয়ে ধরেন মেয়ে, মেয়েকে বুকে টেনে নেন মা। শুরু হয় কান্না। পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে চলেন তাঁরা। গোটা ঘর তখন নিস্তব্ধ। শুধু শোনা যাচ্ছিল মিলনের কান্না। এ কান্না হারানোর নয়, দীর্ঘ ন’বছর পর ফিরে পাওয়ার আনন্দের।
হোমের সুপারিনটেনডেন্ট শ্রাবন্তী সিনহা বলেন, এই দৃশ্য দেখে তাঁরাও চোখের জল ধরে রাখতে পারেননি। এই পুনর্মিলন তাঁদের কাছেও অত্যন্ত আবেগের। মনে এক ধরনের প্রশান্তি এসেছে। হোমের কর্তা তন্ময় সাউ বলেন, দায়িত্ব ও কর্তব্য পালন করে ফুলসরীকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে তিনি যাতে ভালো থাকেন, সেই কামনাই করেন তাঁরা। ভবিষ্যতেও ফোনে যোগাযোগ রেখে তাঁর খোঁজখবর নেওয়া হবে। কোনও সমস্যা হলে হোমের সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারকে ফোন নম্বরও দেওয়া হয়েছে।
ভিডিও কলে মেয়েকে দেখার পর থেকেই স্বচক্ষে তাঁকে ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন প্রেমী। সোমবার সেই অপেক্ষার অবসান। আবেগে কথা বলার মতো পরিস্থিতিও ছিল না তাঁর। পরে প্রেমী মাহাতো বলেন, ‘‘মেয়েকে যে এভাবে ফিরে পাব, তা কখনও কল্পনা করতে পারিনি। হোমের সকলের কাছেও কৃতজ্ঞ। মেয়ের খোঁজ না পেয়ে কত কেঁদেছি, তার হিসাব নেই। মেয়েকে ফিরে পেয়ে যে কতটা খুশি, তা ভাষায় বোঝাতে পারব না।’’
ন’বছর আগে যে মৃত্যুসংবাদে থমকে গিয়েছিল একটি পরিবারের জীবন, আধার কার্ডের সূত্র ধরে সেই পরিবারেই ফিরল নতুন করে বাঁচার আনন্দ। সোমবার দুপুর দুটো নাগাদ ফুলসরীকে নিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেন মা ও দাদা। দীর্ঘ ন’বছরের বিচ্ছেদের পর অবশেষে ঘরে ফিরলেন ‘মৃত’ বলে পরিচিত ফুলসরী।
উল্লেখ্য, ফুলসরীর বাড়ি ঝাড়খণ্ডের সরাইকেলা জেলার ঘাড়সাওয়ান থানার বুরুডিহির মহালশাই এলাকায়। মাত্র ১৬ বছর বয়সে নিখোঁজ হন তিনি। শ্বশুরবাড়ি থেকে পরিবারকে জানানো হয়েছিল, ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন ফুলসরী। পরে বাঘমুন্ডি নদীতে একটি মৃতদেহ উদ্ধারের খবর সংবাদপত্রে প্রকাশিত হলে পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশ জানায়, দেহটি দাহ করা হয়েছে। মৃত্যুর কাগজপত্রও পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মেয়ের মৃত্যুর খবর মেনে নিলেও দাদা রোহিতের মনে বোনকে ফিরে পাওয়ার আশা ছিলেন।
এদিকে, ২০১৭ সালের ৮ নভেম্বর হাওড়া স্টেশন থেকে রেল পুলিশের হাতে উদ্ধার হন ফুলসরী। পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে তাঁকে চিরনবীন হোমে পাঠানো হয়। বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় পরিচয় জানা সম্ভব হয়নি। সম্প্রতি আধার কার্ড তৈরির সময় ফিঙ্গারপ্রিন্টের সূত্রে কম্পিউটারে তাঁর পরিচয় ও ঠিকানা সামনে আসে। এরপর ঘাড়সাওয়ান থানার পুলিশের সহযোগিতায় পরিবারের সঙ্গে যোগাযোগ করেন হোম কর্তৃপক্ষ। ভিডিও কলে মা ও দাদার সঙ্গে পরিচয় নিশ্চিত হয় ফুলসরীর।

Comments :0

Login to leave a comment