১২ ফেব্রুয়ারি ধর্মঘটের সমর্থনে প্রচার চলল মালদহে। ইংলিশবাজার এলাকায় নিয়ন্ত্রিত বাজার চত্বর এবং ২ নম্বর কলোনির বাজারে ধর্মঘটের সমর্থনে প্রচার করা হয় রবিবার।
সবজি বিক্রেতা, হকার, ভ্যান ও টোটো চালক, ব্যবসায়ী ও পথ চলতি নাগরিকদের কাছে প্রচার করা হয়। হয়েছে মিছিল এবং সভা। তবে পরীক্ষার কারণে মাইক ব্যবহার করা হয়নি।
কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী জনস্বার্থবিরোধী নীতির প্রতিবাদে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন এবং সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘট পালন করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে রাজ্যে শিল্প ধর্মঘট পালিত হবে।
চার শ্রম কোড আইন বাতিল, রাষ্ট্রায়ত্ত সংস্থা জলের দামে বিক্রি বন্ধ করা, কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম প্রদান ও কৃষিঋণ মকুব করা, বিদ্যুত বিল ও বীজ বিল ২০২৫ বাতিল, পূর্বতন মনরেগা আইন চালু রেখে ‘ভিবি জি রাম জি’ প্রত্যাহার করে বছরে ২০০দিনের কাজ চালু করা, শ্রমিকদের ন্যুনতম মাসিক মজুরি ২৬০০০ টাকা, সামাজিক সুরক্ষা চালু, দানবীয় পরিবহণ আইন বাতিলের মতো দাবিকে সামনে রেখে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
শ্রমিক-কৃষক এবং মেহনতি মানুষের প্রচারে জুড়ে গিয়েছে এসআইআর বিরোধী প্রচারও। শুনানিতে হেনস্তার শিকার হচ্ছেন বিপুল অংশের শ্রমজীবী। তার বিরুদ্ধেও ধ্বনিত হচ্ছে প্রতিবাদ।
এদিন ইংলিশবাজারে প্রচারে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডাকা হলেও রাজ্যের তৃণমূল সরকার অন্যবারের মতো এবারও বিরোধিতা করছে। তৃণমূল পরিষ্কার করে দিয়েছে মুখে যতই বিরোধিতার কথা বলুক আসলে তারা কেন্দ্রের শাসকদলের সহযোগী।
এদিন প্রচার কর্মসূচিতে অংশ নেন সিআইটিইউ নেতা অনুপম গুন, বিশ্বনাথ ঘোষ, মহিলা নেত্রী লিলি বিশ্বাস, যুব নেতা সন্দীপ পাল, উদ্বাস্তু আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠা বিশ্বাস প্রমুখ।
12 February Strike English Bazar
ইংলিশবাজারে চলল প্রচার ধর্মঘটের
×
Comments :0