Park Street Footpath AIDWA

মা-কে ধমকেছেন মন্ত্রী, পার্ক স্ট্রিটের ফুটপাতেই বিজেপি’র দপ্তর!

রাজ্য কলকাতা

পার্ক স্ট্রিটে সেই মায়ের কাছে কনীনিকা ঘোষ, মোনালিসা সিনহা সহ মহিলা নেত্রীরা।

সন্তানের জন্য দুধ গরম করতে গিয়ে বিজেপি সরকারের মন্ত্রীর কাছে হেনস্থা হতে হয়েছিল। দেখেছে গোটা রাজ্য। রাস্তার পাশে ফুটপাতের উপরেই জীবনযাপন করতে বাধ্য হন ওঁরা। পার্ক স্ট্রিটে সেখানেই নিজের সন্তানের জন্য দুধ গরম করছিলেন সীতা ওরফে রাশিদা। পার্ক স্ট্রিটের মতো রাস্তায় ফুটপাতের উপর দুধ গরম করার এই দৃশ্য দেখে মেজাজ হারান পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মেজাজ হারিয়ে ধমকের সুরে কথা বলতে দেখা যায় তাঁকে। 'ফুটপাত দখলমুক্ত' করার নামে ফুটপাতবাসীদের জিনিসপত্রও টানাটানি করতে দেখা যায় পৌর মন্ত্রীকে। 
পার্ক স্ট্রিটের ফুটপাত নিবাসী সেই মহিলার সঙ্গেই সোমবার দেখা করতে যান সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক কনীনিকা ঘোষ বোস, রাজ্য সম্পাদক মোনালিসা সিনহা সহ নেতৃবৃন্দ।
ঘটনা হলো, পার্ক স্ট্রিটে ওই এলাকারই ফুটপাতে রয়েছে বিজেপি'র দপ্তর। আছে ক্লাব ঘর। আছে বিজেপি’র একটি শহীদ বেদীও। 


পার্ক স্ট্রিটের কাছেই টটি লেনে বিজেপি’র দপ্তরের ছবি ঘুরছে সোশাল মিডিয়ায়।

 সেই ছবি ফেসবুকে পোস্ট করে পার্ক স্ট্রিটের এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত। তাঁর প্রশ্ন, ‘পার্টি অফিস করা হবে বলেই কি ফুটপাতবাসীদের হটানোর দায়িত্ব দেওয়া হয়েছে পৌরমন্ত্রীকে?’  
সুদীপ সেনগুপ্ত তাঁর  ফেসবুক পোস্টে বলেন, " ম্যাডাম অগ্নিমিত্রা পাল. ফুটপাতে দুধ ফোটানো নিয়ে আপনার আপত্তির কথা শুনলাম, শুনলাম ফুটপাত দখল হলে মানুষকে রাস্তায় নেমে এসে হাঁটাচলা করতে বাধ্য হওয়ার কথা! আপনি 'মানবিক' বলেই নাকি ফুটপাত পরিস্কার করতে নেমেছেন! লাঠি মেরে গুঁড়িয়ে দিচ্ছেন ঘর সংসার, স্টোভের খাবার..."।  

তিনি আরও লিখেছেন, “ আপনাকে ওই অঞ্চলে ফুটপাত দখল করে পার্টি অফিস, ক্লাব ঘর, শহীদ বেদী বানাবার তিনটি ছবি পাঠাচ্ছি! একটু কষ্ট করে ভেঙে দিয়ে আসবেন প্লিজ?........আপনি নিশ্চয়ই এই জবরদখল কারীদের কাছ থেকে পার্ক স্ট্রিট আর তার আসেপাশের ফুটপাত দখল মুক্ত করবেন!”

Comments :0

Login to leave a comment