জনগণনা প্রক্রিয়ায় ব্যক্তিগত তথ্য নেওয়া যাবে না। অন্য ডেটাবেসে জনগণনার তথ্য পাঠানো যাবে না। জাতগত পরিচয় সংগ্রহের পদ্ধতিকে বিজ্ঞানসম্মত করতে হবে। রেজিস্ট্রার জেনারেল এবং সেনসাস কমিশনারকে পাঠানো চিঠিতে এই দাবি তুলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। জনগণনা প্রক্রিয়া ঘিরে মোট সাতটি দাবি তুলেছে সিপিআই(এম)।
জনগণনার দ্বিতীয় পর্বে তথ্য সংগ্রহের সময় অভিভাবকদের ধর্ম, অভিভাবকদের জন্মস্থান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্য, আধার এবং অন্য সরকারি পরিচয় সম্পর্কে বিশদ তথ্য চাওয়া হচ্ছে।
রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে জনগণনায় এই প্রক্রিয়া বন্ধ করার দাবি তুলেছেন বেবি। তিনি বলেছেন, জনগণনার তথ্যকে ভোটার তালিকা, আধার এবং সামাজিক কল্যাণ প্রকল্পের তথ্য ভাণ্ডারে পাঠানো যাবে না।
সিপিআই(এম) বলেছে, জনগণনার তথ্যকে ব্যবহার করে নাগরিক চিহ্নিত করা বা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাতে না হয় তা নিশ্চিত করতে হবে।
সিপিআই(এম)’র দাবি, আসনের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশনের সঙ্গে জনগণনা বা সেনসাসের সম্পর্ক কী তা স্বচ্ছতার সঙ্গে জনতাকে ব্যাখ্যা করতে হবে।
জনগণনা প্রক্রিয়ায় তথ্য নেওয়ার কাজে বিশেষভাবে সক্ষমদের একাংশকে বাদ দেওয়ার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বেবি। তাঁর দাবি, সংশ্লিষ্ট আইনে যে ২১ ধরনের বিশেষ সক্ষমতার কথা বলা হয়েছে জনগণনায় তার প্রত্যেকটিকে রাখতে হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকেই জনগণনার কাজ পরিচালিত হয়। বেবি তাঁকে লিখেছেন, জনগণনার প্রক্রিয়ায় বিজেপি-কে রাজনৈতিক সুবিধা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এমন প্রশ্ন রাখা হয়েছে যা অতীতে হতো না। অভিভাবকদের সম্পর্কে তথ্য বা ধর্ম পরিচয়, জন্মস্থান অতীতে জনগণনায় চাওয়া হতো না। তাছাড়া, জনগণনার দ্বিতীয় ধাপে তথ্য নেওয়ার পদ্ধতিতেও গলদ রয়েছে।
বেবি লিখেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধারের তথ্য নেওয়ার সময় জানানো হচ্ছে না যে সব তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়।
জনগণনার তথ্য অন্য তথ্যভাণ্ডারে সংযোগের আশঙ্কাও জানিয়েছেন বেবি। তিনি বলেছেন, জনগণনা এবং এসআইআর দু’টি আলাদা প্রক্রিয়া হওয়ার কথা। কিন্তু যেভাবে বিশদে ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে তাতে ভোটার তালিকা সংশোধন বা নাগরিক পঞ্জিতে ব্যবহারে তা কাজে লাগানোর সম্ভাবনা থাকছে।
জাতের গণনা সম্পর্কে বেবি বলেছেন, কেবল তফসিলি জাতি ও আদিবাসীদের জন্য আগে থেকে তৈরি তথ্য তালিকা থাকছে। বাকিদের ক্ষেত্রে সমীক্ষকরা উল্লেখ করছেন ‘যা জানানো হয়েছে’। ফলে জাত সংক্রান্ত তথ্যে সমস্যা তৈরি হতে পারে।
M A Baby's Letter on Census
বিজেপি’র সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্যে জনগণনা, কমিশনারকে চিঠি বেবির
×
Comments :0