ঐতিহাসিক ঘোষণাটা হয়ে গেল! যে ঘোষণার অপেক্ষায় ছিলেন ভারতীয় ফুটবল প্রেমীরা। বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা ইন্ডোর কলকাতায় এসে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে পারে পাঁচবারের বিশ্বজয়ী দল ব্রাজিল। অবশেষে বৃহস্পতিবার রাতে দু’ফেডারেশনের তরফে ঘোষণা করা হলো, আগামী ৩ অক্টোবর ভারতের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
ঘোষণা হওয়ার পর থেকেই ভারতের ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসের শেষ নেই। কলকাতা সহ পুরো দেশেই কোটি কোটি ব্রাজিল ভক্ত রয়েছে। সেই পেলের জমানা থেকে। একবিংশ শতাব্দীতে এসে অনুরাগীদের সংখ্যা আরও বেড়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে সেলেকাওদের পারফরম্যান্স ভালো না হলেও, সমর্থন জারি রেখেছেন তাঁরা। বুধবার রাতে নেইমারের অবসর ঘোষণার পর ব্রাজিল ভক্তদের হৃদয় ভারাক্রান্ত হলেও, এই খবর নিমেষে অনুরাগীদের মন ভালো করে দিয়েছে।
নেইমারহীন ব্রাজিল কলকাতায় আসবে। শারদ উৎসবের প্রাক্কালে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্ড্রিক, রায়ানদের জোগা বোনিতোয় মেতে উঠবে কল্লোলিনী কলকাতা। ঠিক যেমন ৪৯ বছর আগে পেলেকে ঘিরে মেতে উঠেছিলেন বাংলার ফুটবল প্রেমীরা। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ব্রাজিলের ক্লাব কসমসের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। বৃষ্টি উপেক্ষা করেও সেই ম্যাচ দেখতে ইডেনে উপস্থিত হয়েছিল ৮০ হাজার দর্শক। অপেক্ষার প্রহর গুনতে শুরু করে দিয়েছেন ফুটবলপিপাসুরা। কার্লো অ্যান্সেলোত্তির ব্রাজিল কলকাতায় কবে আসছে? সরকারি ঘোষণা না হলেও অস্ট্রেলিয়ায় দু’টি প্রীতি ম্যাচ খেলার পর তাঁরা কলকাতায় আসছে বলে জানিয়েছে সিবিএফ। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ ২৯ সেপ্টেম্বর। হয়তো ৩০ সেপ্টেম্বর কলকাতায় চলে আসতে পারেন ভিনিরা। অস্ট্রেলিয়া-ভারত সফর থেকেই ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের দল গড়া শুরু করবেন অ্যান্সেলোত্তি।
ব্রাজিল দলকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা মাত্রা ছাড়াবে! সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু দেখার বিষয় হলো, টিকিটের দাম কত বিকোয়? টিকিটের দাম কী সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার মধ্যে থাকবে? গত ডিসেম্বরে যখন মেসি এসেছিলেন কলকাতায়! তখন অনুষ্ঠানের টিকিটের দাম মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে ছিল না। ফেডারেশন ব্রাজিল ম্যাচ আয়োজন করতে টিকিটের দাম কত রাখে? সেদিকেই আপাতত তাকিয়ে ফুটবল ভক্তরা।
অতীতে ভারত উরুগুয়ে, আর্জেন্টিনা, সোভিয়েত ইউনিয়নের মতো বড় দলগুলি বিরুদ্ধে খেললেও, ব্রাজিলের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলেনি। ভারতীয় ফুটবলের ৮৮ বছরের ইতিহাসে প্রথমবার সেলেকাওদের বিরুদ্ধে খেলতে চলেছে ব্লু টাইগাররা। পরিসংখ্যান বলছে, ১৯৮২ সালে উরুগুয়ের বিরুদ্ধে নেহরু কাপের উদ্বোধনী ম্যাচে খেলেছিল ভারত। ঠিক দু’বছর পর নেহরু কাপেই ভারতের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা। আশির দশকে সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ডের বিরুদ্ধে খেলার রেকর্ড রয়েছে ভারতের। এই মুহূর্তে ফিফার ক্রমতালিকায় ভারতের অবস্থান ১৩৮। সেখানে ব্রাজিল রয়েছে পাঁচ নম্বরে। তবুও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই ম্যাচের ঘোষণা করতে জানিয়েছে, এটি ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে ‘একটি নজিরবিহীন অধ্যায়’।
সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি এমন একটি দেশের সঙ্গে বিশেষ সাক্ষাৎ, যেখানে ব্রাজিল জাতীয় দলের বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থকগোষ্ঠী রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয়রা অপরিসীম ভালোবাসা ও আবেগ নিয়ে ব্রাজিলের ফুটবলের ইতিহাসকে অনুসরণ করে আসছেন।’ এছাড়া সিবিএফ বলেছে, ‘ভারতের কোটি কোটি সমর্থকের সঙ্গে এই বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
একইসঙ্গে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেন, ‘ব্রাজিলের মতো বিশ্ব বিখ্যাত একটি দলকে আমাদের দেশে স্বাগত জানানো নিঃসন্দেহে এক অসাধারণ মুহূর্ত। এটি ভারতীয় ফুটবলের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।’
ভারতীয় জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পালের সংযোজন, ‘আমাদের জাতীয় দলের ফুটবলারদের কাছে এটি শুধুই আর একটি ম্যাচ নয়। বিশ্বের অন্যতম সেরা ফুটবল শক্তির বিরুদ্ধে নিজেদের যাচাই করার এক বিরল সুযোগ। এমন অভিজ্ঞতা খেলোয়াড়দের আরও উন্নতি করতে সাহায্য করে, বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে এবং তাদের সারাজীবনের স্মৃতি হয়ে থাকে।’
India Brazil Kolkata
৩ অক্টোবর কলকাতায় মুখোমুখি ভারত-ব্রাজিল
×
Comments :0