Bread Price Hike

ফের বাড়ছে পাউরুটির দাম

রাজ্য

আবার দাম বাড়ছে পাউরুটির। আগামী ১৭ আগস্ট থেকে কলকাতা সহ রাজ্যের সর্বত্র ৪ টাকা করে বাড়ছে পাউরুটির দাম। সোমবার ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের তরফে এমনটাই জানানো হয়েছে। কাঁচামাল অর্থাৎ আটা-ময়দা ও চিনি সহ বেকারি শিল্পের মূল দ্রব্যগুলির দামবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। নতুন দামের বিষয়ে সংগঠনের তরফে জানানো হয়েছে প্রতি পাউন্ড পাউরুটিতে ৪ টাকা এবং হাফ পাউন্ড পাঁউরুটিতে ২ টাকা বেশি খরচ হবে। ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোয়িয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এক পাউন্ড পাউরুটিতে ৪ টাকা বাড়িয়ে নতুন দাম হবে ৩৬ টাকা। আগামী ১৭ আগস্ট থেকে সাধারণ বাজারে নতুন দাম কার্যকর হবে। 
বেকার্স অ্যাসোসিয়েশন দাবি করেছে , গত একমাসে ময়দার দাম বেড়ে কুইন্টাল প্রতি ৬০০ টাকা। ১ কুইন্টাল চিনির দাম দাঁড়িয়েছে ১০০০ টাকা। ভোজ্য তেল কিনতে এক কুইন্টালের জন্য দিতে হচ্ছে ৮০০ টাকা এবং প্যাকেজিং সামগ্রীর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে পাউরুটির দাম বাড়ানো হলে বেকারি শিল্পে আরও সঙ্কট নেমে আসতে পারে। তাই দাম বাড়ানো ছাড়া কোনও উপায় নেই। সংস্থার দাবি,  ২০২৪ সালের ৩০ জানুয়ারি পাউরুটির দাম বেড়েছিল। এখন এক পাউন্ড পাউরুটির দাম ৩২ টাকা। বর্তমানে যা বাড়িয়ে ৩৬ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০ গ্রাম অর্থাৎ হাফ পাউন্ড পাউরুটির দাম বাড়বে ২টাকা। ১০০ গ্রাম প্লেইন পাউরুটির দাম দেড়া টাকা বেড়ে ১০ টাকা করা হবে। 
এই দাম বাড়ার ফলে মধ্যবিত্তরা সব থেকে বেশি সঙ্কটে পড়েছেন। চাল, আটা, মুড়ির দর বাড়ায় মানুষ সমস্যায় জর্জরিত। কাঁচামালের দাম বাড়ায় অসুবিধায় পড়েছে বেকারিগুলিও। পাউরুটির দাম বাড়তে পারে বলে আশঙ্কা ছিল। তাই সত্যি প্রমাণিত হলো। এবার ২ এবং ৪ টাকা করে পাউরুটির দাম বাড়ছে। পাউরুটির বর্ধিত মূল্য জনগণের সমস্যা আরও খানিকটা বাড়াবে। সিআইটিইউ নেতৃত্ব বলেছেন, দাম তো চিরকাল এক জায়গায় থাকবে না এটা ঠিকই। কিন্তু একবারে ২ টাকা ও ৪ টাকা দাম বৃদ্ধিতে চাপ পড়বে দিন আনা দিন খাওয়া মানুষের ওপর। 

Comments :0

Login to leave a comment