শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ভাঙা হয়েছে একাধিক সিপিআই(এম)'র পার্টি অফিস। শুক্রবার রাত এগারোটার পর থেকে বিজেপি আশ্রিত জনা ১৫ দুষ্কৃতী দত্তপুকুর এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অবস্থিত একটি পার্টি অফিসের তালা ভেঙে বিজেপির ঝান্ডা ঝুলিয়ে দেয়।
দত্তপুকুর দুই নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় আরও একটি অফিস ভাঙচুর করে দখল নেয় তারা। দত্তপুকুর গঙ্গাপুর চৌমাথার সিপিআই(এম) অফিসটি ভাঙচুর করে বিজেপির দুষ্কৃতীরা। রাতের অন্ধকারে পার্টি অফিসে হামলার ঘটনায় এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। এলাকার এক বাসিন্দার কথায়, ‘তৃণমূলের দেখানো পথেই বিরোধী দলের পার্টি অফিসে হামলা চালাচ্ছে। এখনও অনেক কিছু দেখার বাকি আছে, শুধু দেখতে থাকুন।’ দত্তপুকুর আমডাঙা বিধানসভা এলাকার অন্তর্গত। বিধায়ক কাসেম সিদ্দিকী। তিনি এখন কোন তৃণমূল তা জানা নেই। তবে এলাকার মানুষের কথায় আমডাঙা, দত্তপুকুর জুড়ে যারা তৃণমূলের হয়ে ভোট লুঠ করেছে। তোলাবাজি করেছে তারাই এখন বিজেপির ছাতার তলায় আশ্রয় নিয়েছে। ভাঙচুড়ের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু নথি এবং জিনিস।
এদিন সকালে ঘটনার খবর পেয়ে এলাকায় যান সিপিআই(এম) নেতা আহমেদ আলি খান। তিনি বলেন, পুলিশের কাছে অভিযোগ জানানো হবে। তার সাথে সাথে এলাকার মানুষকে এই নিয়ে ঘটনার প্রতিবাদ জানানো হবে। তার কথায় কাপুরুষের মতো রাতের অন্ধকারে হামলা করেছে বিজেপি।
উল্লেখ্য গতকাল বিরাটিতে এসএফআইয়ের কর্মসূচি হামলা চালায় বিজেপির দুষ্কৃতি বাহিনী, অনেকে আহত হয়েছে। যারা হামলা করলো তাদের গ্রেপ্তার না করে গ্রেপ্তার করা হয়েছে এসএফআইয়ের উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক আকাশ কর সহ তিনজনকে। গতকাল যখন এই ঘটনা ঘটছে তখন পুলিশ সামনে ছিল। পুলিশের পক্ষ থেকে দুষ্কেতিদের থামানো বা আটক করার কোন চেষ্টাই দেখা যায়নি। ছাত্রদের কর্মসূচির ওপর এই হামলার পর উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গায় সিপিআই(এম) দপ্তরের ওপর হামলা হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে শুক্রবার রাতে বাইপাস সংলগ্ন কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের চৌবাগায় সিপিআই(এম) পার্টি অফিসে তালা লাগিয়ে দেয় বিজেপি। গতকাল জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মিছিল হয় এলাকায়। তারপর রাত পর্যন্ত ওই পার্টি অফিসের ছিলেন দলীয় কর্মীরা। সূত্রে খবর পার্টি অফিস বন্ধ করার পর রাতে এসে তাতে তালা লাগিয়ে দখলের চেষ্টা করে বিজেপি। সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য অপর্ণা ব্যানার্জি বলেন, ‘থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশের সামনে তালা ভেঙে আমরা ঢুকবো। তবে যারা এই কাজ করেছে তাদের গ্রেপ্তার করতে হবে।’
CPIM
দত্তপুকুর, আনন্দপুরে সিপিআই(এম) দপ্তরে হামলা বিজেপির
×
Comments :0