Clean Politics Campaign CPI-M

দুধের দামে একশো পার, টাকা ছড়িয়ে ক্ষমতা, মহারাষ্ট্রে রাজনীতি স্বচ্ছ করার আন্দোলনে সিপিআই(এম)

জাতীয়

বিরোধী দল ভাঙিয়ে মহারাষ্ট্রের রাজ্যের সরকারে বিজেপি। জনতার সঙ্কট বাড়ছে প্রতিদিন। এই সময়েই স্বচ্ছ রাজনীতির পক্ষে জনমত তৈরিতে নামল সিপিআই(এম)। 
‘স্বচ্ছ রাজনীতির পক্ষে আন্দোলন’। এই স্লোগানেই জনসমাবেশ, মিছিল করছে সিপিআই(এম)। তার মধ্যে বিড জেলার পারালি এবং ওয়ার্ধা জেলার ওয়ার্ধায় হয়েছে মিছিল এবং সমাবেশ।
সিপিআই(এম) জানিয়েছে যে পার্টি কর্মী এবং সমর্থকদের বাইরে বিভিন্ন অংশের প্রতিবাদী মানুষও শামিল হয়েছেন আহ্বানে। 
মহারাষ্ট্র এবং তার রাজধানী শহরে একের পর এক জিনিসের দাম বাড়ছে। সেপ্টেম্বরে বেড়েছে পরিবহণ জ্বালানি সিএনজি’র দাম। তার ঠিক আগেই বেড়েছে দুধের দাম। সিএনজি’র দাম বাড়ায় ট্যাক্সি ভাড়া বেড়েছে। 
গত মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, থেকে মোষের দুধের দাম লিটারে ৯ টাকা বেড়েছে এই রাজ্যে। দুধের দাম লিটারে ১০২ টাকা। 
এদিকে অটোর ন্যূনতম ভাড়া হয়েছে ২৭ টাকা। ট্যাক্সির ৩৩ টাকা। মহানগর গ্যাস লিমিটেড সিএনজি’র দাম কেজি-তে ২ টাকা বাড়িয়ে করেছে ৮৮ টাকা। 
রাজ্যে আসীন বিজেপি জোট সরকার। বিরোধী এনসিপি এবং শিবসেনা ভাঙিয়ে দু’টি অংশকে টেনে নিয়ে জোট সরকার চালাচ্ছে বিজেপি। রাজনীতিতে বিধানসভা থেকে নগর নিগম বা গ্রামে সমানে চলছে দল ভাঙাভাঙির খেলা। এদিকে জনজীবনে নাভিশ্বাস উঠছে। 
সিপিআই(এম) এই পরিস্থিতিকেই সমালোচনার কেন্দ্রের রেখেছে। বিকল্প স্বচ্ছ রাজনীতির পক্ষে আন্দোলবের ডাক দিয়েছে। 
পারালি এবং ওয়ার্ধায় মিছিলের পর হয়েছে গণ কনভেনশন। আরএসএস এবং বিজেপি’র নীতি নৈতিকতাহীন রাজনীতির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দেওয়া হয়েছে।
সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য অশোক ধাওলে ও মরিয়ম ধাওলে, রাজ্য সম্পাদক অজিত নাওলে, কেন্দ্রীয় কমিটির সদস্য বিনোদ নিকোলে বক্তব্য রেখেছেন। 
অশোক ধাওলে বলেছেন, কর্পোরেট-সাম্প্রদায়িক আঁতাত রাজনীতিকে কলুষিত করতে বাধ্য। জনতার মতকে উপেক্ষা করে নিজেদের পছন্দের সরকার গড়তে টাকা চালাচালি করবে এই রাজনীতি। বিরোধী দলের জন প্রতিনিধিদের কিনে নেয় এই রাজনীতি। এসআইআর বা ডিলিমিটেশনকে ব্যবহার করা হয় মানুষকে বাদ দেওয়ার জন্য। যে কোনোভাবে জয় হাসিল করার জন্য।
ধাওলে বলেন, রাজনীতিকে কলুষমুক্ত করার আন্দোলনে সিপিআই(এম)-কে শক্তিশালী ভূমিকা নিতেই হবে।

Comments :0

Login to leave a comment