পাঁচ মাসে দ্বিগুণ হয়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। দিল্লিতে জানুয়ারিতে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে ৪২ টাকা। কলকাতায় বৃদ্ধি আরও বেশি, ৫৩.৫০ টাকা।
১ জুন, সোমবার, বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম আরও বেড়ে যাওয়ায় কলকাতায় সিলিন্ডারের দাম হয়েছে ৩,২৫৫.৫০ টাকা। দিল্লিতে সিলিন্ডারের দাম ৩১১৩.৫০ টাকা।
রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার হয় হোটেল, রেস্টুরেন্ট, হস্টেলের ক্ষেত্রে। পাঁচ মাসে জ্বালানির খরচ দ্বিগুন হওয়ায় সবচেয়ে বেশি ভুগছে ছোট ও মাঝারি বাণিজ্যিক উদ্যোগ। ছোট বা মাঝারি তৈরি খাবারের ব্যবসায় পড়ছে প্রভাব। সেই সঙ্গে বাড়তি দাম দিতে হচ্ছে ক্রেতাদেরও। এই ক্ষেত্রগুলিতে যে বিপুল অংশ কর্মরত, চাপ বাড়ছে তাদের ওপরও।
দিল্লিতে জানুয়ারিতেও এই ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল ১৬৯১?৫০ টাকা। সেটিই এখন বেড়ে হলো ৩১১৩.৫০ টাকা। কিন্তু কেবল জুনের গোড়ার দিনে এই বৃদ্ধি থেকে বোঝা যাবে না কিভাবে জ্বালানির দাম চড়চড়িয়ে বাড়ানো হয়েছে দ্রুত।
ফেব্রুয়ারিতে ৪৯ টাকা দাম বেড়েছে ১৯ কেজির সিলিন্ডারের। মার্চে বেড়েছে ১১৫ টাকা। এপ্রিলে এসেছে সবচেয়ে বড় ধাক্কা। এক দফায় ৯৯৩ টাকা বাড়ানো হয়েছে একেকটি সিলিন্ডারের দাম।
মধ্য প্রাচ্যে ইরানের ওপর আমেরিকা-ইজরায়েলের আক্রমণের পর থেকে জ্বালানির সঙ্কট শুরু হয়েছে বিশ্বে। ভারতে চড়া হারে বাড়ছে জ্বালানির দাম। এর আগে গৃহস্থ বাড়িতে ব্যবহারের গ্যাসেরও দাম বেড়েছে। এদিন বাড়ানো হয়েছে সিএনজি-র দাম। ফলে বহু শহরে অটো রিক্সার জ্বালানি খরচ বাড়বে আরও। কলকাতাতেও এলপিজি ব্যবহার করে এমন অটোর জ্বালানি খরচ বেড়েছে। এত কিছুর পরও যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য আমেরিকার বিরুদ্ধে স্বর তুলতে পারেনি ভারত। বরং, দিল্লিতে আমেরিকার প্রতিনিধিদলের সঙ্গে বাণিজ্য বৈঠক চলছে।
এদিন সিএনজি’র দাম বাড়ানো হয়েছে ২ টাকা করে। এর আগে দফায় দফায় বৃদ্ধিতে পেট্রোলের দাম ৭.৩৫ টাকা এবং ডিজেলের দাম ৭.৫৩ টাকা বেড়েছে।
Commercial LPG Price
৫ মাসে দ্বিগুন বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম
×
Comments :0