ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র অবিভক্ত বর্ধমান জেলার জেলা কমিটির সদস্য এবং পরবর্তীতে পশ্চিম বর্ধমান জেলার সম্পাদকমণ্ডলীর প্রাক্তন সদস্য ও দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিলো ৭৬।
বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন কমরেড চক্রবর্তী। চিকিৎসায় ক্যান্সার ধরা পড়ে। প্রথমে কলকাতায় বেসরকারি হাসপাতালে কিছুদিন ভর্তি ছিলেন। বাড়ি ফিরে আসার পর গত ৩১ আগস্ট থেকে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি ‘গণশক্তি’ পত্রিকার দুর্গাপুর সংস্করণের দায়িত্ব আমৃত্যু নিষ্ঠার সাথে পালন করে গেছেন। কমরেড বিপ্রেন্দু কুমার চক্রবর্তী বেশি পরিচিত ছিলেন ‘ভজন’ নামে। মেহনতি মানুষের ভরসার স্থল ছিলেন তিনি। শেষ ছয় দশকের দুর্গাপুরের নানা ওঠাপড়ার অন্যতম সাক্ষী ছিলেন তিনি। দলমত নির্বিশেষে মানুষের সমস্যায় তাঁর দ্বার ছিলো অবারিত। সকলের ‘ভজনদা’ চলে গেলেন। পরিবারে রেখে গেলেন স্ত্রী, দুই সন্তান ও পুত্রবধু, ও তিন বোন ও তাদের পরিবার এবং তার অসংখ্য সহকর্মী ও অনুজ প্রতিম কমরেডদের।
হাসপাতালে শ্রদ্ধা জানাতে আসেন সিপিআই(এম) পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি সহ অন্যান্য জেলা নেতৃত্ব এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিপ্রেন্দু চক্রবর্তীর জন্ম অধুনা বাংলাদেশের রংপুরে। ১৯৫১ সাল নাগাদ প্রথমে রানাঘাটে পরবর্তীকালে ১৯৬২ সালে দুর্গাপুরে চলে আসেন এবং এখানেই স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। ‘৭০ দশকের সন্ত্রাসের শিকার হন তিনি। শারীরিক নিগ্রহ করে জোর করে দুর্গাপুর কলেজে থেকে তাঁকে বার করে দেওয়া হয়। ১৯৭২ সালে রাজনৈতিক কারণেই তার প্রথাগত শিক্ষায় ছেদ ঘটে। তাঁরও আগে ১৯৬৬ সালে খাদ্য আন্দোলনের প্রভাবে বাম রাজনীতির প্রতি আকৃষ্ট হন। ১৯৬৯ সালে বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সংগঠন পরবর্তীকালে ভারতের ছাত্র ফেডারেশনের সক্রিয় সংগঠক হিসাবে কাজ করেছেন। সমগ্র দুর্গাপুরে ছাত্র আন্দোলন গড়ে তোলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৯৭৩ সালে তিনি সিপিআই(এম)-র সদস্যপদ অর্জন করেন।
২০০৬ সালে তিনি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হন। ’৯০-এর দশকে নতুন করে দুর্গাপুরকে গড়ে তুলতে তাঁর অগ্রণী ভূমিকা ছিলো। শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে ও স্ব-নিযুক্তি ও স্বনির্ভরতা, বস্তি উন্নয়ন সহ বহুমুখী কাজে তাঁর অবদান সর্বজনবিদিত।
Biprendu Chakrabarty
প্রাক্তন বিধায়ক সিপিআই(এম) নেতা বিপ্রেন্দু চক্রবর্তীর প্রয়াত
×
Comments :0