NCERT Controversy

এনসিইআরটি’র বইয়ে সিন্ধু সভ্যতার মূর্তির ছবি ঘিরে বিতর্ক

জাতীয়

নবম শ্রেণির কলাবিভাগের পাঠ্যপুস্তক 'মধুরিমা'-তে প্রকাশিত সিন্ধু সভ্যতার বিখ্যাত ‘নৃত্যরত নারীমূর্তি’-র  চিত্রকে ঘিরে সমালোচনার মুখে পড়েছে এনসিইআরটি।
বইটির প্রথম অধ্যায়, 'হিস্ট্রি অফ আর্ট'-এ প্রকাশিত ব্রোঞ্জের তৈরি মূর্তির ছবিকে কেন্দ্র করে মূল বিতর্কটি কেন্দ্রীভূত হয়েছে। সমালোচকরা উল্লেখ করেছেন যে, পাঠ্যবইয়ে ছাপা ছবিটি মূল প্রত্নবস্তুটির চেয়ে আলাদা। এতে কাঁধের নিচের অংশে এমনভাবে গাঢ় রঙ দেওয়া হয়েছে যা মূর্তিটির কিছু অংশকে অস্পষ্ট করে দিয়েছে।
পাঠ্যপুস্তকের সংশ্লিষ্ট অংশে এই মূর্তিটিকে ‘লস্ট-ওয়াক্স কাস্টিং’ বা মোম-গলানো ছাঁচ-ঢালাই পদ্ধতির একটি নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি ধাতু-শিল্পের এমন এক ঐতিহ্যবাহী পদ্ধতি যা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বিভিন্ন অঞ্চলে আজও প্রচলিত রয়েছে।
পাঠ্যপুস্তকে বলা হয়, "মহেঞ্জোদারোর ব্রোঞ্জ মূর্তিটি ‘লস্ট-ওয়াক্স’ পদ্ধতিতে তৈরি করা হয়েছিল, যে পদ্ধতিটি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে প্রচলিত রয়েছে। ভাস্কর্যটিতে এমন এক ভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছে যেখানে একটি হাঁটু ভাঁজ করা, একটি হাত কোমরে রাখা এবং চিবুকটি সামান্য ওপরের দিকে তোলা রয়েছে।’’
এনসিইআরটি’র এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে আমরা ঘটনাটি জানিয়েছি। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
এনসিইআরটি এখনও ওই ছবিটির বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। পাঠ্যপুস্তকের পরবর্তী সংস্করণগুলোতে কোনও সংশোধনী আনা হবে কি না, সে বিষয়েও কিছু জানায়নি।

Comments :0

Login to leave a comment