CJP Delhi Police

সিজেপির মিছিল বাতিলের আবেদন খারিজ, এফআইআর বাতিলে আবেদন দিল্লি পুলিশের!

জাতীয়

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রস্তাবিত প্রতিবাদ মিছিল বন্ধ করার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে এই মিছিল করার কথা রয়েছে। 
এদিকে দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টে এফআইআর প্রত্যাহারের আবেদন জানিয়েছে। এ সংক্রান্ত ১৩টি এফআইআর বাতিল করে নতুন একটি এফআইআর দায়েরের অনুমতি চেয়েছে কেন্দ্রীয় স্বরা্ষ্ট্র মন্ত্রকের অধীন এই বাহিনী। বলা হয়েছে, অপরাধের অতীত রয়েছে কেবল এমন ব্যক্তিদের নাম থাকবে নতুন এফআইআর-এ।  
১২ ও ১৩ সেপ্টেম্বর রাজধানীতে ব্রিকস শীর্ষ সম্মেলন হওয়ার কথা। তাই মিছিলের জেরে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ জানায়, মিছিল থেকে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে ধরে নেওয়ার মতো কোনও বিশেষ বা জরুরি কারণ নেই। আদালত স্পষ্ট করে দেয়, মিছিল করতে চাইলে আয়োজকদের আইন মেনে চলতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের।
সিজেপির বক্তব্য, আগের নিট-ইউজি আন্দোলনের পর ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পুরোপুরি কার্যকর হয়নি। সেই দাবিতেই ফের পথে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
এদিকে, সিজেপি-র আন্দোলনে দায়ের এফআইআর বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ। সলিসিটর জেনারেল তুষার মেহতা সোমবার আদালতে এই আবেদন জানান। তিনি সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে নিট-ইউজি আন্দোলন সংক্রান্ত এফআইআর বাতিলের আর্জি জানান। প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান, আবেদনটি ১ সেপ্টেম্বর শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে।
দিল্লি পুলিশের এই আবেদনকে কেন্দ্রে আসীন বিজেপি’র নতুন কৌশল হিসেবে দেখছে বড় অংশ। দিল্লি পুলিশই গত ২০ জুলাই ছাত্রদের মিছিলে লাঠি থেকে পেলেট গান সব চালিয়েছিল। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও সব রাজ্যেই গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে আন্দোলনের।

Comments :0

Login to leave a comment