Bangladesh India

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বাধা, ভারতের হাই কমিশনারকে ডেকে ক্ষোভ জানালো বাংলাদেশ

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা 
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা আটকে রাখার ঘটনায় কূটনৈতিক স্তরে অসন্তোষ জানিয়েছে ঢাকা। 
পরবর্তীতে রহমানকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি ভারত সফর বাতিল করে ঢাকা ফিরে আসেন। 
ঘটনার জেরে বাংলাদেশ বিদেশ মন্ত্রক ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে কূটনৈতিক অসন্তোষ জানিয়েছে। 
ড. জাহেদ উর রহমান ১৫-১৬ জুন অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (আইও আরএ)-র বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য দিল্লি যান। তিনি নিয়মিত (সবুজ) বাংলাদেশি পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভ্রমণ করছিলেন। 
রবিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় অভিবাসন আধিকারিকরা তাঁকে বাধা দিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেন। 
জানা গিয়েছে, পরবর্তীতে উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের পর ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে প্রবেশের অনুমতি দেয়। তবে দীর্ঘ সময় অপেক্ষা ও ঘটনার প্রেক্ষাপটে ড. জাহেদ ভারতে প্রবেশ না করে সফর বাতিলের সিদ্ধান্ত নেন। তিনি কলম্বো হয়ে সোমবার দুপুরে ঢাকা ফিরে আসেন। 
বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. খলিলুর রহমান ঘটনাটিকে ‘অপ্রত্যাশিত ও দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন এবং জানান যে সরকার বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। 
একই দিনে বিদেশ মন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার বাধেকে তলব করে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ঘটনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। 
ঘটনা ঘিরে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা উঠে আসছে। নিরাপত্তা তালিকায় নাম চলে আসায় স্বাভাবিক যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে থামানো হয়েছিল। 
অন্যদিকে একটি ভারতীয় সূত্র দাবি করেছে, তাঁর কাছে প্রয়োজনীয় ভারতীয় ভিসা ছিল না এবং তিনি কেবল সার্ক স্টিকার নিয়ে ভ্রমণ করছিলেন। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়নি। 
বাংলাদেশি কূটনৈতিক সূত্রগুলোর বক্তব্য, তার সফরের বিষয়ে আগেই কূটনৈতিক নোটের মাধ্যমে ভারতকে অবহিত করা হয়েছিল।

Comments :0

Login to leave a comment