Farakka NTPC Strike

ফরাক্কার এনটিপিসি’র গেটে ধর্মঘটের প্রচারসভা, প্রতিশ্রুতি পালনের দাবি

জেলা

ফরাক্কায় এনটিপিসি’র গেটে ধর্মঘটের প্রচার।

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (এনটিপিসি)’র ফরাক্কা ইউনিটে কাজ চালাতে নিয়োগ করা হচ্ছে ঠিকা কর্মীদের। কিন্তু সেই ঠিকা কর্মীরাও সঠিক সময় পাচ্ছেন না বেতন। ১২ ফেব্রুয়ারির ধর্মঘটে শামিল হচ্ছেন তাঁরাও।
মঙ্গলবার কারখানার গেটে সভা করে সিআইটিইউ অনুমোদিত এফএসটিপিপি ঠিকা শ্রমিক ইউনিয়ন। ১২ ফেব্রুয়ারি ধর্মঘটে শামিল হওয়ার আহ্বান জানানো হয় শ্রমিকদের। 


কেন্দ্রীয় সরকার ২৯টি শ্রম আইন বিলোপ করে ৪ শ্রম কোড আইন চালু করেছে। শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নিতে চলেছে। তার বিরুদ্ধে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ যৌথভাবে ধর্মঘটের আহ্বান জানিয়েছে। ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা।
এদিন নেতৃবৃন্দ বলেন, এনটিপিসিতে কর্মরত ঠিকা শ্রমিকরা ইতিমধ্যেই একাধিক সমস্যায় জর্জরিত। কর্তৃপক্ষ একাধিক মৌখিক প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করা হয়নি। ঠিকা শ্রমিকরা দাবি করেছেন নিয়মিত মাসের ৭ তারিখের মধ্যে বেতন দিতে হবে।
বিভিন্ন অজুহাতে এক শ্রেণির আধিকারিকের মদতে বেতনের অংশ কেটে নেওয়া হচ্ছে। ‘কন্ট্রাক্ট ক্লোজিং’-এর টাকা সময়মতো দেওয়া হচ্ছে না। শ্রমিকদের সুরক্ষার বন্দোবস্ত নেই। কর্তৃপক্ষ বেতন চুক্তির আগে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল প্রেমোশনের, যারা চুক্তির মধ্যে নেই তাদের চুক্তির মধ্যে নিয়ে আসার, টাউনশিপে কর্মরত শ্রমিকদের সাবান দেওয়ার। প্রতিশ্রুতি ছিল বয়স্ক ও অসুস্থ শ্রমিকদের পরিবারের শ্রমিকদের কাজ দেওয়ার। তা এখনও কার্যকর করা হয়নি।
নেতৃবৃন্দ প্ল্যান্টের সর্বস্তরের ঠিকা শ্রমিকদের কাছে আবেদন জানিয়েছেন যে শ্রমিকদের স্বার্থ রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারী ভোর ৬ টা থেকে পরদিন ভোর ৬ টা অর্থাৎ ২৪ ঘন্টা ধর্মঘটে অংশগ্রহণ করার।

Comments :0

Login to leave a comment