Hawker Dumdum Cantonment

রেল হকার উচ্ছেদের বিরুদ্ধে যৌথ প্রতিবাদ দমদম ক্যান্টনমেন্টেও

জেলা

রাজ্যের বিভিন্ন স্টেশনে বেপরোয়া হকার উচ্ছেদ অভিযান বন্ধ, উপযুক্ত পুনর্বাসন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দাবিতে সিআইটিইউ এবং আইএনটিইউসি যৌথ প্রতিবাদ জানালো দমদম ক্যান্টমেন্ট স্টেশনে।
সিআইটিইউ এবং আইএনটিইউসি’র পক্ষ থেকে যৌথ স্মারকলিপি দেওয়া হয় রেল কর্তৃপক্ষকে।
রাজ্যের বিভিন্ন রেলওয়ে স্টেশনে রেল কর্তৃপক্ষের তরফে বেপরোয়া হকার উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এর ফলে হাজার হাজার গরিব রেল হকার ও তাদের পরিবারের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। ইতিমধ্যেই চাকদহ রেলওয়ে স্টেশনে এই আতঙ্ক ও অনিশ্চয়তার আবহে প্রমথ মণ্ডল নামে এক তরুণ রেল হকারের রহস্যজনক মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। তার দোকানের সামনে রেললাইনে দেহ উদ্ধার হওয়ার ঘটনায় রেল হকারদের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে। 
এই ঘটনাক্রমের উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়েছে যে অবিলম্বে এই অমানবিক ও বেপরোয়া উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। রেল হকাররা অতীতেও রেলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বার্থে আলোচনার মাধ্যমে নিজেদের দোকান স্টেশনের অভ্যন্তরে অন্যত্র স্থানান্তরিত করেছেন। যাত্রী পরিষেবা, নিরাপত্তা ও রেলের সামগ্রিক স্বার্থে রেল হকাররা সর্বদাই সহযোগিতার মনোভাব দেখিয়েছেন এবং ভবিষ্যতেও তা করতে প্রস্তুত। সেকারণে আমরা দাবি জানাচ্ছি, প্রতিটি স্টেশনে সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ, রেল হকার সংগঠন এবং প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে উন্নয়ন ও জীবিকার মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমাধান বের করা প্রয়োজন। এদিন স্মারকলিপিতে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি জানানো হয়েছে। রেলের পাশাপাশি রাজ্য সরকার এবং হকার সংগঠনগুলিকে যুক্ত করে আলোচনমার দাবি জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment