চলতি মরশুমে আলুর দরপতনে চরম আর্থিক সংকটে ধূপগুড়ি ব্লকের আলু চাষিরা। উৎপাদন খরচও উঠছে না বলে অভিযোগ। আলুর ন্যায্য দাম ও কুইন্টাল প্রতি ১৩০০ টাকা সহায়ক মূল্যে সরকারি ক্রয়ের দাবিতে মঙ্গলবার ধূপগুড়িতে মহকুমাশাসক দপ্তর ঘেরাও করে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভার ধূপগুড়ি ব্লক ও থানা কমিটি। বিক্ষোভকারীরা মহকুমাশাসকের দপ্তরের সামনে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানায়।
কৃষক সভার নেতৃবৃন্দের অভিযোগ, উত্তরবঙ্গের আলু চাষ এবং আলুকেন্দ্রিক প্রায় দেড় হাজার কোটি টাকার অর্থনীতি গভীর সংকটে পড়েছে। গত মরশুমে উত্তরবঙ্গের ৮০টির বেশি হিমঘরে প্রায় ৩ কোটি ২৫ লক্ষ প্যাকেট আলু মজুত হয়েছিল। আগস্ট শেষ হলেও হিমঘর থেকে আলু বেরিয়েছে ৩০ শতাংশের কিছু বেশি। ফলে নভেম্বরের শেষ নাগাদও বিপুল পরিমাণ আলু অবিক্রীত থেকে যাওয়া বা পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে আলুর বন্ডের দাম কুইন্টাল প্রতি মাত্র ১৫০ থেকে ১৮০ টাকা দাঁড়িয়েছে। পরিবহন ও বাছাইয়ের খরচের পর খোলা বাজারে আলুর দাম কেজি প্রতি ৫ থেকে সাড়ে ৫ টাকা হয়েছে।
কৃষক ও ব্যবসায়ীদের দাবি, গত মরশুমে হিমঘরে আলু রাখার সময় লোডিং, বস্তা, পরিবহন, শ্রমিক-সহ বিভিন্ন খরচ মিলিয়ে কেজি প্রতি অতিরিক্ত প্রায় সাড়ে ৩ টাকা খরচ হয়েছিল। ফলে বর্তমান দরে আলু বিক্রি করলে কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে।
ডেপুটেশনে কৃষক সভার পক্ষ থেকে চারটি দাবি জানানো হয়েছে। কুইন্টাল প্রতি ১৩০০ টাকা সহায়ক মূল্য নির্ধারণ করে সরকারকে সরাসরি আলু কিনতে হবে। বাজারে কৃত্রিম সংকট ও দরপতন রুখতে ব্যবস্থা নেওয়া, সার -সহ কৃষি উপকরণের কালোবাজারি বন্ধ করতে হবে। একইসঙ্গে শস্যবিমা সংক্রান্ত অনিয়ম ও জটিলতা দূর করার দাবি জানানো হয়েছে।
কৃষক নেতৃত্ব দুর্গা চরণ রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে। ভিনরাজ্যে আলু পাঠানোর ব্যবস্থা করা এবং কৃষকদের কৃষিঋণ মকুবের দাবিও জানানো হয়েছে।
এদিনের কর্মসূচিতে সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রাণগোপাল ভাওয়াল, জেলা কমিটির সদস্য মুকুলেশ রায় সরকার, মেহেবুব আলম, রাজকুমার রায়, জয়ন্ত মজুমদার, থানা কমিটির সম্পাদক দুর্গাচরণ রায়-সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
Krishak Sabha deputation to the SDO's office demanding fair prices and support prices for potatoes
আলুর ন্যায্য দাম ও সহায়ক মূল্যের দাবিতে এসডিও দপ্তরে কৃষক সভার ডেপুটেশন
×
Comments :0