SFI writes on the whitewashed wall at Jadavpur University

'লঙ লিভ রেসিস্ট্যান্স’, যাদবপুরের মুছে দেওয়া দেওয়ালে লিখল এসএফআই

রাজ্য কলকাতা

ছবি- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্লোগান মুছে দেওয়া দেওয়ালে প্রতিরোধ দীর্ঘজীবী করার বার্তা এসএফআই'র ।

মুছে দেওয়া দেওয়ালেই ফের ফুটে উঠল হরফ। ফের দেওয়াল লিখলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
সোমবার এসএফআই দেওয়ালে লিখল 'লঙ লিভ রেসিস্ট্যান্স’- প্রতিরোধ দীর্ঘজীবী হোক। 
গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘দেশবিরোধী স্লোগান‘ লেখা রয়েছে। সেই ‘আবর্জনাকে‘ যত তাড়াতাড়ি সম্ভব মুছে ফেলার কথাও বলেছিলেন তিনি। 
তারপরেই, স্লোগান লেখা দেওয়াল হোয়াইটওয়াশ করে দেয় যাদবপুরের  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার প্রতিবাদেই সোমবার 'টেক ব্যাক ইয়োর ওয়াল' কর্মসূচির ডাক দেয় এসএফআই। 
এদিন এসএফআইয়ের তরফে বলা হয়, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয় দেওয়াল হিটলার, মুসোলিন, সাম্রাজ্যবাদী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বহু দেওয়াল‌ লিখন-ছবি ছিল‌।‌ মুখ্যমন্ত্রী যাদবপুরে এসে সেই দেওয়াল লিখন মুছে ফেলার কথা বলেন। এতদিন জানতাম ওঁর পূর্বসূরী সাভারকার মুচলেকা দিয়ে ব্রিটিশের কাছে ক্ষমা চেয়েছিলেন। আমরা অবাক হচ্ছি যে, রাজ্যের মুখ্যমন্ত্রী কবে থেকে হিটলার-মুসোলিনির পা চাটা শুরু করলেন?‘‘ 
এসএফআই নেতৃবৃন্দ বলছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় সব সময় স্বদেশী, স্বাধীনতা আন্দোলনের স্বপক্ষে থেকেছে। সুতরাং, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেন তার মানে খুব স্পষ্ট যে তাঁরা দেশ, স্বাধীনতার বিরোধিতা করছেন। 
যাদবপুরে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের বক্তব্যে ফারাক রয়েছে। কিষেণজী বা কাশ্মীর নিয়ে কিছু স্লোগানের বিরোধী এসএফআই। এসএফআই নেতৃবৃন্দ বলেছে, এসএফআই দৃঢভাবে মনে করে যে কাশ্মীর ভারতের অংশ। আর কিষেণজীর প্রসঙ্গে ২০১১-র আগে সে সময়ের তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর আঁতাতের বিষয়টি মনে করিয়েছেন তাঁরা। সে সময় বহু বামপন্থী কর্মী নিহত হন। এসএফআই নেতৃত্ব বলছেন, কিন্তু দেওয়াল মুছে নয়, রাজনৈতিকভাবে , যুক্তি-তর্ক হাজির করেই চলবে রাজনৈতিক লড়াই।
মুখ্যমন্ত্রী নির্দেশে মুছে দেওয়া দেওয়ালের একটিতে লেখা ছিল, ‘ফ্রি প্যালেস্তাইন'। প্রশ্ন উঠেছে, প্যালেস্তাইনের স্বাধীনতার পক্ষে লেখা দেওয়াল মোছা হবে কেন। নরেন্দ্র মোদী সরকার আমেরিকা-ইজরায়েলের অনুগামী হয়ে উঠেছে। কিন্তু প্যালেস্তাইনের স্বাধীনতার পক্ষে ভারতের বরাবরের অবস্থানকে খারিজ করতে পারেনি। তা’হলে আপত্তি কিসের?  
দেওয়াল লেখার আগে এসএফআই নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদকে মদত দেওয়ার বিরুদ্ধে আমরা।  মৌলবাদী শক্তি আরএসএস-র বিরুদ্ধে আমরা দাঁড়াবো। সাম্রাজ্যবাদ এবং মৌলবাদের বিরুদ্ধে যাদবপুরের দেওয়ালে দেয়ালে স্লোগান লেখা জারি রাখবো।

Comments :0

Login to leave a comment