গণতন্ত্রের অন্যতম পীঠস্থান যে আইনসভা, সেই বিধানসভা ভবনেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত সংবাদমাধ্যমের প্রবেশাধিকার কার্যত নিষিদ্ধ হয়ে গেছে হিন্দুত্ববাদী অতি দক্ষিণপন্থী বিজেপি জমানায়। সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরীখে ভারত কেন বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১৫৭তম স্থানে অবস্থান করে এই ঘটনা নিঃসন্দেহে তার একটি নমুনা। দেশীয় বা বিদেশি কোনও সাংবাদিকেরই যেমন নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার অধিকার নেই তেমনি সেই ধারা বজায় রেখে এরাজ্যে সাংবাদিকরা বিধানসভা ভবনের অলিন্দে ঘোরাফেরা করতে পারবেন না। তাঁদের ঠাঁই হবে একমাত্র মিডিয়া সেন্টারে। অবশ্য, অধ্যক্ষের নির্দেষ্ট করে দেওয়া সময়টুকুই, তার বেশি নয় বিধায়করা যদি সংবাদমাধ্যমকে কিছু বলতে চান তবে ঐ নির্দিষ্ট সময়ে মিডিয়া সেন্টারে গিয়ে বলতে হবে। স্বাধীনতার পর বঙ্গ বিধানসভার ইতিহাসে এমন ঘটনার কোনও নজির নেই। সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের এবং তাদের স্বাধীনতাকে সঙ্কুচিত করার এমন অগণতান্ত্রিক ও স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণ করেছে আরএসএস-বিজেপি ক্ষমতা দখল করার পরই।
বামফ্রন্টের আমলে বিধানসভার সর্বত্র সাংবাদিকদের ছিল অবাধ স্বাধীনতা। বিধানসভা ভবনের অলিন্দে তো বটেই বিরোধী দলের ঘর, মন্ত্রীদের ঘর, এমনকি অধ্যক্ষের ঘরে সাংবাদিকদের অবারিত যাতায়াত ছিল। বিধানসভার অধিবেশন চলার সময় তো প্রায় প্রতিদিনই অধ্যক্ষের ঘরে চা খেতেন ও গল্প করতেন সাংবাদিকরা। বামপন্থীরা মনে করে আইনসভায় সাংবাদিকদের উপর নজরদারি এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রণ অগণতান্ত্রিক কাজ। বস্তুত বাম আমলেই সাংবাদিকদের বসার জন্য, অপেক্ষা করার জন্য মিডিয়া সেন্টারের ব্যবস্থা করা হয়েছিল। বাম আমলে বিধানসভার অধিবেশন না থাকলেও বিরোধীরা বা যে কোনও বিধায়করা নিজেদের ঘরে বা মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারতেন।
তৃণমূল ক্ষমতায় আসার পর বিধানসভার অধিবেশন না থাকলে মিডিয়া সেন্টার বন্ধ রাখা এবং সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ হয়। তখন বিরোধী দলের নেতারা বিধনসভা ভবনের গেটে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করতেন। এবার আরএসএস-বিজেপি ক্ষমতায় এসে বিধানসভা চলার সময়ও সাংবাদিকদের প্রবেশাধিকার ও গতিবিধি নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে। আদিপত্যকামী এবং ফ্যাসিস্ত মানসিকতার কোনও দল যে গণতন্ত্রকে সহ্য করতে পারে না, সুযোগ পেলেই গণতান্ত্রিক অধিকার, ছাঁটাই ও নিয়ন্ত্রণ করতে চায় কেন্দ্রে ও রাজ্যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর তার অজস্র নমুনা মানুষ দেখেছেন। এরাজ্যের বিধানসভায় সংবাদমদাধ্যমের অধিকার হরণ তার সর্বশেষ উদাহরণ।
Media Gag
মিডিয়া নিয়ন্ত্রণ
×
Comments :0