NTA Supreme Court

‘নিট’: সহায়তার জন্য রাজ্যকে চিঠি কেন্দ্রের, এনটিএ’র সমালোচনা সুপ্রিম কোর্টের

জাতীয়

অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি এনটিএ। ‘নিট‘-র প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলায় এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
বিচারপতি পি এস নরসিংহ ও অলোক আরাধের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতা ছাড়াও অন্যান্য পক্ষকে আবেদনপত্রগুলির একটি অনুলিপি পাঠানোর নির্দেশ দিয়েছে। 'নিট' পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি-কে ২০২৪ সালে আদালতের জারি করা নির্দেশাবলী পালনের বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে একটি হলফনামা দাখিল করতে ও বলা হয়েছে।
এদিন বেঞ্চের তরফে বলা হয়েছে, "এটা দুঃখজনক যে এনটিএ শিক্ষা নেয়নি। বিষয়টি আগেও এই আদালতে এসেছিল। একটি পর্যবেক্ষণ কমিটি ছিল, যারা কিছু সুপারিশ করেছিল এবং সেগুলো গৃহীত হয়েছিল। আমরা চাই, এনটিএ যেন কমিটির দেওয়া সুপারিশগুলো পালনের জন্য গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে একটি হলফনামা দাখিল করে।"
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী, লেফটেন্যান্ট গভর্নর এবং প্রশাসকদের কাছে আগামী ২১ জুন ‘নিট‘-র নতুন সূচিতে পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য  সহযোগিতা চেয়ে চিঠি লিখেছেন।
ধর্মেন্দ্র প্রধান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ করেছেন যে, বর্তমান সময় তাপপ্রবাহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, পরীক্ষার্থীদের সুবিধার  জন্য পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Comments :0

Login to leave a comment