ফের রাজনৈতিক টানাপোড়েনে উত্তর ২৪পরগনার টাকী পৌরসভা। চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো একদল কাউন্সিলর। বিশেষ বৈঠক ডাকার দাবি জানিয়ে আবেদনে ১৬ আসন বিশিষ্ট টাকী পৌরসভার আর্থিক অনিয়ম ও নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছে। যা নিয়ে সরগরম টাকীর রাজনৈতিক মহল। মঙ্গলবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বিশেষ বৈঠক ডাকার দাবি জানিয়ে পৌরসভায় লিখিত আবেদন জমা দিলেন ৯ জন কাউন্সিলর। আবেদনপত্রে তাঁদের অভিযোগ, পৌরসভায় আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং নাগরিক পরিষেবা প্রদানে ব্যর্থতার কারণে চেয়ারম্যানের উপর আর আস্থা রাখতে পারছেন না তাঁরা। টাকি পৌরসভার চেয়ারম্যানের কাছে জমা দেওয়া ওই আবেদনে পশ্চিমবঙ্গ পৌর আইন, ১৯৯৩’র ১৮(৩) ধারা এবং ১৯৯৫ সালের সংশ্লিষ্ট কার্যপ্রণালী বিধির উল্লেখ করা হয়েছে। আবেদনকারীদের দাবি, নির্বাচিত কাউন্সিলরদের এক-তৃতীয়াংশের বেশি সদস্যের সমর্থনে এই বিশেষ বৈঠক ডাকার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। অনাস্থা প্রস্তাবের পক্ষে আবেদনপত্রে মোট ৯ জন কাউন্সিলর স্বাক্ষর করেছেন।
চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের তালিকায় রয়েছে একাধিক বিষয়। আবেদনকারীদের দাবি, পৌরসভার বিভিন্ন কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। অনুমোদন ছাড়া তহবিলের অর্থ অন্য খাতে খরচ এবং বিভিন্ন প্রকল্পের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা, জল জমার সমস্যা, রাস্তার আলো এবং পানীয় জল পরিষেবার অবনতির অভিযোগও তোলা হয়েছে।
শুধু আর্থিক অনিয়ম কিংবা নাগরিক পরিষেবার ব্যর্থতাই নয়, চেয়ারম্যানের বিরুদ্ধে একক সিদ্ধান্ত গ্রহণ এবং কাউন্সিলরদের কাছ থেকে সরকারি নথি গোপন রাখার অভিযোগও তুলেছেন আবেদনকারীরা। তাঁদের বক্তব্য, পৌরসভার বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে একতরফা ভাবে পৌর প্রশাসন পরিচালিত হচ্ছে। ফলে সাধারণ মানুষের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে।
আবেদনপত্রে বিশেষ বৈঠক ডেকে অনাস্থা প্রস্তাবের উপর সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে আইন নির্ধারিত সময়সীমার মধ্যে বৈঠক ডাকার আর্জি জানিয়েছেন কাউন্সিলররা। আবেদনটির প্রতিলিপি উত্তর ২৪ পরগনার জেলাশাসক, বসিরহাটের মহকুমাশাসক এবং টাকি পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছেও পাঠানো হয়েছে।
Taki Municipality
টাকী পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
×
Comments :0