ভরদুপুরে চা বাগানে কাজ করার সময় হাতির হামলায় এক ব্যক্তির মৃত্যু। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মাটিয়ালী ব্লকের নাগেশ্বরী চা বাগানে। বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম দীপক গোয়ালা(৪০)। তিনি নাগেশ্বরী চা বাগানেরই বাসিন্দা ছিলেন। ঘটনার পর থেকে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি, চা বাগান এলাকায় হাতির গতিবিধি নিয়ন্ত্রণে বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শ্রমিকদের একাংশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রথমে একটি দলছুট বুনো হাতিকে জুরন্তি চা বাগানে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর হাতিটি সেখান থেকে নাগেশ্বরী চা বাগানের ১৯-বি সেকশনে ঢুকে পড়ে। সেই সময় দীপক গোয়ালা বাগানেই ছিলেন। আচমকাই হাতিটি তাঁর ওপর চড়াও হয় এবং ঘটনাস্থলেই পিষে মেরে ফেলে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চা বাগান এলাকায় শয়ে শয়ে মানুষ ভিড় জমান। পরিস্থিতি বেগতিক দেখে হাতিটি ওই এলাকা ছেড়ে সংলগ্ন আইভিল চা বাগানের দিকে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ এবং খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। এলাকায় উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও।পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
ডুয়ার্সের চা বাগানগুলিতে মাঝেমধ্যেই বুনো হাতির হানা ও শ্রমিক মৃত্যুর ঘটনায় বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বন্যপ্রাণের হামলা থেকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চা বাগানের শ্রমিক সংগঠনগুলি।
Elephant Attack
নাগেশ্বরী চা বাগানে হাতির হামলায় মৃত এক
×
Comments :0