বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী যথাযথ মর্যাদায় পালিত হল মঙ্গলবার। রানিগঞ্জের শিশুবাগান মোড়ে কবির মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের কর্মী ও সংগঠকেরা । লেখক শিল্পী সংঘের সংগঠক অনুপ মিত্র ও অভিজিৎ খাঁ বলেন , বাঙালির অনিঃশেষ এক প্রেরণার উৎস নজরুল। আজ যখন অশুভ মৌলবাদী শক্তির দ্বন্দ্বে উপমহাদেশে ভাঙনের শব্দ, জান্তব উল্লাস অনিশ্চয়তা আর অস্থিরতা। যখন শাসকই জাত-ধর্মের বিভাজনকে আরও উসকে দিচ্ছে, কাজী নজরুল ইসলামের বিদ্রোহ, সাম্য ও মানবমুক্তির সেই অগ্নিশিখা আমাদের আলো দেখাবে।
তিনি আজীবন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সচেষ্ট থেকেছেন। শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আবহে ধর্মের নামে মানুষে মানুষে ভাগাভাগির চক্রান্তের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে নজরুল চর্চা জরুরি।
নূপুর সাহিত্যকথা পত্রিকার উদ্যোগে মাল্যদান করে আলোচনা, কবিতায় নজরুলের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আলোচকেরা বলেন, নজরুল আজ শুধুই স্মরণের জন্য নন, তিনি প্রতিরোধের কণ্ঠস্বর। তাঁর সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখেই বিভেদ, মৌলবাদ ও অন্যায়ের এই অন্ধকার সময়ে তাঁর জীবন- মানবমুক্তির গান-কবিতা -প্রবন্ধ আমাদের লড়াইয়ের প্রেরণা। আমরা ভীতু নই, উন্নত শির। কারণ আমাদের প্রত্যয়ের বিন্দুতে সিন্ধুর উত্তরাধিকার। নজরুল আমাদের অভিজ্ঞান।এছাড়াও এদিন সিহারশোল রাজ স্কুল ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান পালিত হয়েছে।
Raniganj Najrul Islam
শোষণ, ভেদাভেদ প্রতিরোধের কন্ঠস্বর: রানিগঞ্জে নজরুলকে স্মরণ করে বললেন আলোচকরা
×
Comments :0