North Dum Dum Municipality

৬০ দিনের বদলে মিলেছে ১৫ দিনের বেতন, উত্তর দমদম পৌরসভার কর্মচারীদের বিক্ষোভে লাঠিচার্জ পুলিশের

জেলা

উত্তর দমদম পৌরসভায় দৈনিক মজুরির শ্রমিক কর্মচারীদের অবস্থান এবং তুমুল বিক্ষোভ।

বারবার আবেদন করার পরে বকেয়া ৬০ দিনের বেতনের মধ্যে মাত্র ১৫ দিনের বেতন। সম্প্রতিক একটি নির্দেশিকা মারফত, কাজের চরিত্রের বদল ঘটিয়ে বেআইনিভাবে বেশ কিছু শ্রমিক কর্মচারীকে নতুন নতুন ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। দীর্ঘদিনের কর্মীদের পদন্নতির পরিবর্তে, পদাবনতি ঘটিয়ে বেআইনিভাবে আধিকারিকের মর্জি মাফিক যত্রতত্র স্থানান্তরিত করা হচ্ছে, পৌরসভা পরিচালিত হাসপাতালের অবস্থা বেহাল। একাধিকবার বিক্ষোভ করেও সুরাহা মেনেলি। ফের মঙ্গলবার সকাল থেকে উত্তর দমদম পৌরসভার সব কয়টি গেট আটকে রেখে অবস্থান এবং তুমুল বিক্ষোভ শুরু করেন দৈনিক মজুরি শ্রমিক কর্মচারীরা। 
অবস্থান বিক্ষোভ থেকে দাবি করা হয়, অবিলম্বে সমস্ত বকেয়া মজুরি দিতে হবে, কাজের চরিত্র বদলে স্থানান্তর করার নির্দেশিকা স্থগিত রাখতে হবে। অবস্থান বিক্ষোভ হয়, সিআইটিইউ অনুমোদিত অল বেঙ্গল মিউনিসিপাল ওয়ার্কার্স ফেডারেশন অন্তর্গত উত্তর দমদম মিউনিসিপাল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্বে। উপস্থিত ছিলেন ইউনিয়নের নেতৃবৃন্দ। পৌরসভার সামনে পৌর শ্রমিক কর্মচারীরা, তাঁদের দাবি তুলে ধরে মঙ্গলবার সকাল থেকেই অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের জেরে  পৌরসভার কাজকর্ম বন্ধ হয়ে যায়। পৌর প্রশাসক দপ্তরে আসার সময়ে  তাঁকে ঘিরে কর্মীরা দাবিগুলি জানাচ্ছিলেন শান্তিপূর্ণ ভাবেই। অবস্থান বিক্ষোভকে ছত্রভঙ্গ করার জন্য নিমতা থানার পুলিশ বাহিনী লাঠিচার্জ শুরু করলে বিক্ষোভ তুঙ্গে ওঠে। পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করলেও পরে তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয়।

পরবর্তীতে একটি প্রতিনিধি দল এক্সিকিউটিভ অফিসারের দপ্তরে গিয়ে দাবিগুলি নিয়ে আলোচনা শুরু করেন। প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের নেতা, শিবশঙ্কর ঘোষ, নিতাই দে, প্রাক্তন পৌর প্রধান সুনীল চক্রবর্তী, কর্মচারীদের পক্ষ থেকে শম্ভুনাথ দে, তপন ব্যানার্জি এবং  আরও কয়েকজন কর্মচারী। আলোচনায় স্থির হয়, শ্রমিক কর্মচারীদের স্থানান্তর করার যে তালিকা প্রকাশিত হয়েছে, তাকে এই মুহূর্তে স্থগিত রাখা হবে। পরবর্তী সময়ে আলোচনা করে যদি কোনও পদক্ষেপ গ্রহণ করতে হয়, প্রশাসক ইউনিয়নের সঙ্গে কথা বলে স্থির করবেন। বকেয়া মজুরি দেওয়ার ব্যাপারে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আলোচনার পরিপ্রেক্ষিতে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করে নিলেও ইউনিয়নের তরফ থেকে বলা হয়েছে, আলোচনাকে কার্যকর না করা হলে লাগাতার আন্দোলনের পথে যাওয়া হবে।

Comments :0

Login to leave a comment