Mohan Bhagwat

ভাগবত কথা

সম্পাদকীয় বিভাগ

কথায় বলে ঠেলার নাম বাবাজি। পরিস্থিতির চাপে পড়লে আরএসএস’র মতো কট্টর সংগঠনের সর্বোচ্চ কর্তাও যে ঢোক গিলে ভিন্ন সুরে কথা বলতে বাধ্য হন সেটা আমেরিকা সফরে গিয়ে মোহন ভাগবত সারা দুনিয়ার সামনে আর একবার প্রমাণ করে দিয়েছেন। অনেকটা ভূতের মুখে রামনামের মতো নিউ ইয়র্কে আয়োজিত প্রবাসী ভারতীয় হিন্দুদের এক সভায় বৈচিত্রের মধ্যে ঐক্যের ভারতীয় ঐতিহ্যের শুধু স্বীকৃতি দেননি, ভারতীয় সমাজের এহেন ঔদার্যের গুণকীর্তনও করেছেন ভাগবত। পাশাপাশি সব ভারতবাসীকে ধর্মমত নির্বিশেষে সমান চোখে দেখার কথাও বলেছেন। ভাবা যায় মনুবাদের নিক্তিতে মেপে যারা সনাতন হিন্দুত্বের মাহাত্ম্য প্রচার করে এবং মনু সংহিতাকে সংবিধান বিবেচনা করে ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাদের কার্যত ঘুরিয়ে ফিরিয়ে যত মত তত পথের স্মরণ নিতে বাধ্য হচ্ছে। প্রসঙ্গত, এরাই ব্রিটিশ আমলে বার বার মুচলেকা দিয়ে ব্রিটিশদের অনুগত থাকতে চেয়েছিল। এখন বিশ্বের দুয়ারে নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে ভাষ্য বদলে বেমালুম বহুত্ববাদের কথা, মুসলিম প্রীতির কথা বলছে এমন কথাও বলছে যারা ভারত থেকে মুসলিমদের তাড়ানোর চেষ্টা করছে তারা আদতে হিন্দুই নয়। মোহন ভাগবতের এমন কথা যদি সত্যি সত্যি আরএসএস’র কথা হয় তাহলে সঙ্ঘ পরিবারের ছত্রছায়ায় থাকা হিন্দুদের মধ্যে প্রকৃত হিন্দু খুঁজে পাওয়া যাবে না। আজকের ভারতে উগ্র ও ধর্মান্ধ হিন্দুত্বের যারা ধ্বজা ওড়ায় তারা মৌলগতভাবে মুসলিম বিদ্বেষী। মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো তাদের ডিএনএ-গত বৈশিষ্ট্য। তাছাড়া এরা শুধু মুসলিম বিদ্বেষী নয়, একাধারে দলিত-আদিবাসী বিরোধীও।
আমেরিকায় গিয়ে ভাগবত যে কথাগুলি বলেছেন সঙ্ঘ প্রধান হবার পর কোথাও কোনও ভাষণে এমন কথা শোনা যায়নি। তাঁর অনুগামীরা, বিশেষ করে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, নেতা, বিজেপি মুখ্যমন্ত্রী সহ অন্যান্য প্রতিনিয়ত প্রকাশ্যে মুসলিম বিদ্বেষ ছড়ালেও এবং উসকানিমূলক ভাষণ ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন করলেও তার বিরুদ্ধে কোনোদিন ভাগবতকে মুখ খুলতে দেখা যায়নি। তেমনি দেশে ফিরে বিজেপি’র কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রী, সাংসদ-বিধায়ক ও নেতাদের নিয়ে সভা করে বহুত্ববাদের এমন ভাগবতীয় ধারণাগুলি পুনরুচ্চারণ করবেন কিনা বলা যাবে না।
বস্তুত মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে সঙ্ঘ পরিবারের অংশ অসংখ্য কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের নামে যেভাবে মুসলিমদের উপর হামলা, অত্যাচার এমনকি খুনের ঘটনা ঘটছে যা দুনিয়ার সামনে ভারতের বহুত্ববাদী গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং অন্তর্ভুক্তিমূলক মহান ভাবধারাকে কলুষিত করেছে। হিন্দুত্ববাদীদের এমন কর্মকাণ্ডের বিরোধিতা, সমালোচনা হচ্ছে বিশ্বের নানা জায়গায়। আমেরিকার একাধিক সংগঠন সরাসরি এরজন্য আরএসএস-কে দা‍‌য়ী করছে। মার্কিন সরকারের কাছে আরএসএস-কে নিষিদ্ধ করারও দাবি উঠেছে। এমনকি ভাগবতের মার্কিন ভিসা বাতিল করে তাকে আমেরিকায় ঢুকতে না দেবার দাবিও উঠেছে। এই অবস্থায় আরএসএস’র এবং তার নিজের ভাবমূর্তি বাঁচাতে ডিগবাজি খাওয়া ছাড়া উপায় কি!

Comments :0

Login to leave a comment