Water Scarcity

গুজরাট, মধ্য প্রদেশ: জলের খোঁজে জীবন বাজি রাখছে কিশোরীরা, ছড়ালো ভিডিও

জাতীয়

মাথার ওপরে গনগনে রোদ। আশেপাশে মাটি ফেটে যাচ্ছে। নেই জল। কেবল জলের খোঁজে দড়ি বেয়ে খাড়া খাদ বেয়ে ছোট ছোট মেয়েরা নামছে।
সোশাল মিডিয়ায় ছড়িয়েছে এমনই ছবি এবং ভিডিও। এই অবস্থা মধ্য প্রদেশের খরগোনের সরবাদ এলাকায়। 


নিচে মন্তব্য, এই কিশোরীদের কাছে কেউ মেলোডি চকলেট নিয়ে যায় না! 
জলসঙ্কটে বিপর্যস্ত জীবনের আরও একটি ভিডিও ছড়িয়েছে। বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটের ভালসাদের অবস্থাও ভয়ঙ্কর। মহিলারা দড়ি বেয়ে নামছেন ৪০-৪৫ ফুট নিচে। 


‘ইটিভি ভারত’-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভালসাদের কাপরাদা মহকুমায় বেরাসতা ফালিয়া বসতিতে ৮টি কুয়ে আছে। কিন্তু কোনোটিতে নেই জল। 
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে ‘জল জীবন মিশন’-র সাফল্য নিয়ে প্রচার করেন, উঠেছে তা নিয়েও প্রশ্ন। সরকারি দাবি অনুযায়ী জলজীবন মিশনে দেশের গ্রামাঞ্চলের ৮১.৮ শতাংশ পরিবারে পরিস্রুত পানীয় জল পৌঁছেছে পাইপের মাধ্যমে। 
ভালসাদ পরিচিত ‘গুজরাটের চেরাপুঞ্জি’ নামে। সেখানেই জলের তীব্র সঙ্কট। নেমে যাচ্ছে জলস্তর।
এদিকে রবিবারই ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য এবং উত্তরপশ্চিম ভারতে আগামী কয়েকদিন তীব্র তাপপ্রবাহ চলবে। পূর্ব ভারতেও প্রভাব পড়বে। বিহার, ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খন্ডের পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং হিমাচলে তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিন।  
ভালসাদ বা খরগোনের ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা গিয়েছে কিশোরী এবং মহিলারা জীবন বাজি রেখে কার্যত জলের খোঁজ চালাচ্ছেন। মাথায় হাঁড়ি বা কলসি নিয়ে খাড়া পাথর বেয়ে নামছেন গভীরে। 
কেউ কেউ বলছেন, ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির মানে কী’!

Comments :0

Login to leave a comment