Jadavpur University

ফের মোছা হলো যাদবপুরের দেওয়াল, মতামত প্রকাশে সোশ্যাল মিডিয়ার পরামর্শ উপাচার্যের

রাজ্য

ফাইল ছবি

ফের মুছে দেওয়া হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা পড়ুয়াদের স্লোগান। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘দেশবিরোধী স্লোগান‘ লেখা রয়েছে। সেই ‘আবর্জনাকে‘ যত তাড়াতাড়ি সম্ভব মুছে ফেলার কথাও বলেছিলেন তিনি। 
তারপরেই, স্লোগান লেখা দেওয়াল হোয়াইটওয়াশ করে দেয় যাদবপুরের  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার প্রতিবাদেই সোমবার 'টেক ব্যাক ইয়োর ওয়াল' কর্মসূচির ডাক দেয় এসএফআই।
বুধবার সকালে কলকাতা পৌরসভার কর্মীরা দেওয়াল লেখা মুছে দিয়েছে বলে জানা গিয়েছে। এখানেই প্রশ্ন স্বশাসিত একটি সংস্থার দেওয়ার কার অনুমতিতে অন্য একটি স্বশাসিত সংস্থা মুছে দিলো। এই বিষয় এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিক যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে দেওয়াল লিখন নিয়ে এবার সতর্ক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। ক্যাম্পাসের দেওয়ালে গ্রাফিতি না করে পড়ুয়াদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের মতামত প্রকাশের পরামর্শ দিয়েছেন তিনি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের মুক্তচিন্তা ও মতপ্রকাশের ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন উপাচার্য।
একটি খোলা চিঠিতে চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, তার এই পরামর্শ কোনওভাবেই মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যে নয়। বরং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, পরিবেশ এবং শিক্ষার পরিসরকে সুরক্ষিত রাখার লক্ষ্যেই এই আবেদন। তার কথায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য হল মুক্ত চিন্তা ও মতপ্রকাশ। সেই ঐতিহ্যকে বজায় রেখেই ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ এবং নান্দনিক রাখা প্রয়োজন।
সংবাদ সংস্থা পিটিআইকে উপাচার্য বলেন, পড়ুয়াদের দেওয়ালে গ্রাফিতি করার পরিবর্তে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য তুলে ধরতে আরও উৎসাহিত করা উচিত। গণতান্ত্রিকভাবে মতপ্রকাশের অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের ভৌত পরিবেশ ও শিক্ষার আবহ দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
উপাচার্যের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশ্ববিদ্যালয় চত্বরে কথিত ‘দেশবিরোধী’ স্লোগান নিয়ে প্রশ্ন তোলেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিতর্কিত কিছু দেওয়াল লিখন সাদা রং করে মুছে দেয়। যদিও তার পরেই ক্যাম্পাসের বিভিন্ন দেওয়ালে নতুন করে গ্রাফিতি দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের দেওয়ালে ‘রেড স্যালুট টু কিষেণজি’ এবং ‘কাশ্মীর ওয়ান্টস ফ্রিডম’-এর মতো স্লোগান নিয়ে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 
বিশ্ববিদ্যালয়ের মতো ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ এই ধরনের স্লোগানের কোনও জায়গা নেই বলে মন্তব্য করে ওই দেওয়াল লিখনকে ‘আবর্জনা’র সঙ্গে তুলনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিতর্কও তৈরি হয়।

Comments :0

Login to leave a comment