নয়ডায় পৌঁছে দেওয়ার কথা বলে লিফট দেওয়ার পর চলন্ত স্লিপার বাসের ভিতরে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৪ অগস্ট রাতে দিল্লির কাশ্মীরি গেট আইএসবিটি সংলগ্ন এলাকায়। ঘটনায় বাসের চালক কুলদীপ এবং কন্ডাক্টর সন্দীপকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাসটিও বাজেয়াপ্ত করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সোমবার উত্তর দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) নিহারিকা ভট্ট ঘটনাটি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মইনপুরী জেলার বাসিন্দা ওই কিশোরী একাদশ শ্রেণির ছাত্রী। পরিবারের কাউকে না জানিয়ে সে নয়ডায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল। প্রবল বৃষ্টি ও অন্ধকারের মধ্যে পথ ভুল করে সে গ্রেটার নয়ডার পাড়ি চকে পৌঁছে যায়।
সেই সময় একটি খালি স্লিপার বাস ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিশোরী হাত দেখিয়ে বাসটি থামায়। অভিযোগ, চালক কুলদীপ ও কন্ডাক্টর সন্দীপ তাকে জানান, তারা নয়ডার সেক্টর ৬৩-এর দিকে যাচ্ছেন এবং সেখানে তাকে নামিয়ে দিতে পারবেন।
কিশোরীর অভিযোগ, বাস চলতে শুরু করার কিছুক্ষণ পর কন্ডাক্টর তার দিকে অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করেন। এরপর চালক ও কন্ডাক্টর মিলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
পরে ওই রাতেই কাশ্মীরি গেট আইএসবিটির কাছে রিং রোডে কিশোরীকে নামিয়ে দিয়ে অভিযুক্তরা বাস নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এরপর কিশোরী কাশ্মীরি গেট থানায় গিয়ে পুলিশকে ঘটনার কথা জানায়।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে উত্তর দিল্লির তিমারপুর এলাকার একটি বাস পার্কিং থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের হেপাজতে থাকা বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ওই বাসটি আগে বিকল হয়ে পড়েছিল। পরে সেটিকে গ্রেটার নয়ডার সূরজপুর এলাকার একটি ওয়ার্কশপে নিয়ে গিয়ে মেরামত করা হয়। মেরামতের পর খালি বাসটি নিয়ে কুলদীপ ও সন্দীপ তিমারপুরে ফিরছিলেন। সেই সময় পাড়ি চকে তাদের সঙ্গে কিশোরীর দেখা হয়। পাড়ি চক থেকে কাশ্মীরি গেট পর্যন্ত বাসটি প্রায় ৪৭ কিলোমিটার পথ অতিক্রম করে।
তদন্তকারীদের দাবি, বাসটির স্লিপার বার্থগুলিতে পর্দা লাগানো ছিল। ফলে বাসের বাইরে থেকে ভিতরের পরিস্থিতি সহজে দেখা সম্ভব ছিল না। এই বিষয়টিও তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখছে পুলিশ।
বাজেয়াপ্ত বাসটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটির সঙ্গে সম্পর্কিত অন্যান্য তথ্য ও প্রমাণ সংগ্রহের পাশাপাশি পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে।
Delhi
দিল্লিতে চলন্ত স্লিপার বাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চালক ও কন্ডাক্টর
×
Comments :0