বিশ্ব জুড়ে শান্তির পক্ষে, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফের সরব হলো কলকাতা। যুদ্ধ বিরোধী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও যুদ্ধ বিরোধী মিছিলের ডাক দিয়েছিল রাজ্য বামফ্রন্ট সহ বামপন্থী সহযোগী দলগুলো।
ধর্মতলার লেনিন মূর্তি পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় মহাজাতি সদনে। মিছিল শুরুর আগে ধর্মতলায় বক্তব্য রাখেন বামপন্থী নেতৃত্ব। সভায় সভাপতিত্ব করেন সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার।
সভায় সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘গত কয়েকদিন এই দুর্যোগ চলছে। তাও মানুষ এসেছেন। যারা যুদ্ধের বিরুদ্ধে তারা আজ এক হয়েছে। দিনের পর দিন আমেরিকা পশ্চিম এশিয়াতে গণহত্যা চালাচ্ছে। কোথাও ইজরায়েল, সৌদি আরব সাহায্য করছে মার্কিন যুক্তরাষ্ট্রকে।’
তিনি বলেন, ‘আমাদের দেশ স্বাধীনতার সময় থেকেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, মুক্তির আন্দোলনের পক্ষ। এরা ধর্মের নামে মানুষকে ভাগ করে। অনেকে বলে এই সংহতি মিছিল কেন। জালিয়ানওয়ালাবাগে যখন ব্রিটিশ গুলি চালায় তখন কলকাতায় রবীন্দ্রনাথ মিছিল করেছিল। মানুষের আন্দোনলের প্রতি লড়াইয়ের প্রতি সংহতি জানানো আমাদের ঐতিহ্য।’
সেলিম বলেন, ‘যুদ্ধ কোন সমাধান নয়, তা সমস্যা বাড়ায়। আমার সমস্যা বাড়াতে চাই না। ইরানে যুদ্ধ হচ্ছে আর আমাদের জ্বালানির দাম বাড়ছে। মোদী সরকার এই সময় আমেরিকার কাছে আমাদের কৃষি বাজার খুলে দিচ্ছে। যারা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে তারা আমাদের বন্ধু। অতীতে আমরা দেখেছি আমাদের দেশ প্যালেস্টাইনের পক্ষে ছিল। এখন মোদী সেই জায়গা থেকে সরে এসেছে। তাই আমাদের বার্তা দিয়ে হয়, মোদী যা বলছে সেটা আমাদের বিদেশ নীতি নয়।’
বর্তমান বিজেপি সরকারকে নিশানা করে সেলিম বলেন, ‘নামের আগে বিশ্ব লাগিয়ে দিলে বিশ্ব গুরু হয় না। বিশ্বের শান্তি কল্যাণের জন্য কাজ করতে হয়। সেই শান্তি নিজের দেশ, প্রতিবেশী, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হয়। আমাদের দেশ পঞ্চশীল নীতির পক্ষে। গৌতম বুদ্ধের শান্তির বার্তা শিখিয়েছে।’
সিপিআই’এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি বলেন, ‘অসংখ্য মানুষ সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে প্রাণ হারাচ্ছে। মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি এশিয়া জুড়ে বিস্তার করছে। প্রাকৃতিক সম্পদ লুঠ করছে চাইছে তারা।’ আরএসপির সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী বলেন, ‘আজকের দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ। মোদী সরকার দেশের বিদেশ নীতিকে শেষ করে সাম্রাজ্যবাদী শক্তিকে সমর্থন দিচ্ছে।’
এদিনের সভায় বক্তব্য রাখেন, ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক সজ্ঞীব চ্যাটার্জি, সিপিআই(এম-এল) লিবারেশনের নেতা কার্তিক পাল, এসইউসিআই রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য।
মঙ্গলবারের মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কেন্দ্রীয় মিছিলেকে কেন্দ্র করে হাওড়া এবং শিয়ালদহ থেকে দুটি বড় মিছিল ধর্মতলায় এসে যুক্ত হয়। তারপর শুরু হয় মূল মিছিল।
Peace Rally
কলকাতায় সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল, যুদ্ধ নয় শান্তি চাই স্লোগানে মুখোরিত রাজপথ
×
Comments :0