Post Editorial

রানিগঞ্জ-কলকাতা : পদযাত্রা শিল্প বাঁচাতে বৃহত্তর লড়াইয়ের অংশ

সম্পাদকীয় বিভাগ উত্তর সম্পাদকীয়​

পার্থ মুখার্জি
 

রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, প্রশাসনিক ব্যর্থতা এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের গণতান্ত্রিক অধিকার সঙ্কুচিত হওয়ার অভিযোগ, সীমাহীন দুর্নীতি এর সবই ছিল তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।  
বর্তমান সরকারের আমলেও চারদিকে আক্রমণ, নির্যাতন, এনকাউন্টার এবং ভয়ের পরিবেশ তৈরির অভিযোগের মধ্যেই মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলায় সফর করে একের পর এক মন্তব্য করছেন। অনেক ক্ষেত্রেই তাঁর বক্তব্যে প্রশাসনিক নির্দেশের পরিবর্তে হুমকির সুর স্পষ্ট হয়ে উঠছে। সরাসরি পুলিশকে নির্দেশ দেওয়া, তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে আগাম মন্তব্য করা কিংবা কাউকে জেলে পাঠানোর কথা ঘোষণা করা— এসবের সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আইন ও সংবিধানের ঊর্ধ্বে কেউ নন। তদন্ত, বিচার এবং শাস্তি দেওয়ার নির্দিষ্ট সাংবিধানিক পদ্ধতি রয়েছে। রাজনৈতিক বক্তব্য দিয়ে সেই প্রক্রিয়াকে প্রভাবিত করা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।
সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলায় মুখ্যমন্ত্রীর শিল্পসংক্রান্ত বক্তব্যে রাজ্য সরকারের শিল্প পরিচালনার দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট হয়েছে। আশ্চর্যের বিষয়, শিল্পের সঙ্কট নিয়ে আলোচনা করতে গিয়ে মালিকপক্ষের ভূমিকা, সরকারের দায়বদ্ধতা কিংবা শিল্প পরিচালনার কাঠামোগত সমস্যার পরিবর্তে শ্রমিকদের আন্দোলনকেই প্রধান সমস্যা হিসাবে তুলে ধরা হচ্ছে। শ্রমিকরা যদি ন্যায্য মজুরি বৃদ্ধি, কর্মসংস্থানের নিরাপত্তা এবং অন্যান্য যুক্তিসঙ্গত দাবিতে আন্দোলন করেন, তাহলে তাঁদের হুমকি দেওয়া হবে কেন? কমরেড জ্যোতি বসু একসময় বলেছিলেন, ধর্মঘট শ্রমিকের শেষ অস্ত্র। সেই শেষ অস্ত্র প্রয়োগের পরিস্থিতি তৈরি হলে শ্রমিকদের জেলে পাঠানোর হুমকি দিয়ে কি শিল্পের পরিবেশ উন্নত করা যায়? শ্রমিকের অধিকারকে অস্বীকার করে শিল্পের উন্নয়ন কখনোই সম্ভব নয়।
শিল্পের বর্তমান সঙ্কটের ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। ১৯৯১ সালে কেন্দ্রীয় সরকারের উদারীকরণ, বেসরকারিকরণ ও বিশ্বায়নের নীতির সূচনার পর দেশের শিল্প কাঠামোতে ব্যাপক পরিবর্তন ঘটে। তার অভিঘাত থেকে পশ্চিম বর্ধমান জেলাও রক্ষা পায়নি। দুর্গাপুরের এমএএমসি, হিন্দুস্তান ফার্টিলাইজার, আসানসোলে সেনরেলে ,গ্লাস ফ্যাক্টরি পরবর্তীতে হিন্দুস্তান কেবলস সহ এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের অবক্ষয় ও বন্ধ হয়ে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নীতির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় বর্তমান মুখ্যমন্ত্রী কখনো কংগ্রেস, কখনো তৃণমূলের রাজনীতিতে যুক্ত ছিলেন। আজ শিল্পের সঙ্কট নিয়ে কথা বলার সময় সেই ইতিহাসের দায় ড়িয়ে যাওয়া যায় না।
বর্তমানে বার্নপুর এ দ্বিতীয়  পর্যায়ের আধুনিকীকরণের কাজ চলছে।  একসময় নন্দীগ্রাম ও সিঙ্গুরের জমি আন্দোলনের সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বর্তমান শাসক দলের অনেকেই অবস্থান নিয়েছিলেন। জমি অধিগ্রহণের প্রশ্নে বিতর্ক থাকতে পারে, ভুলভ্রান্তি নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আজ যে বিপুল পরিমাণ জমি শিল্পের নামে অধিগ্রহণ করা হয়েছে, সেই জমির বাস্তব ব্যবহার কী? বর্তমানে বার্নপুর ইসকোতে দ্বিতীয় পর্যায়ের আধুনিকীকরণের কাজ চলছে। সেই জমি অধিগ্রহণের কাজ বামফ্রন্ট সরকার সুচারুভাবে সংঘটিত করেছেন। সেদিন মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রী তার  বিরুদ্ধেও কাজ করেছিলেন। এই প্রশ্নের উত্তর কি হবে? 
পশ্চিম বর্ধমান জেলার শিল্প ও পরিকাঠামোর বিকাশে অতীতের বামপন্থী সরকারের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। অণ্ডাল বিমানবন্দর, ডিভিসি-র  বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং বিভিন্ন শিল্পপ্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে তৎকালীন সরকারের উদ্যোগ উস্থানীয় স্বায়ত্তশাসিত পঞ্চায়েতগুলিরও গুরুত্বপূর্ণ ভূমিকা ও পরিকল্পনা  আজ এই পরিকাঠামোগুলি জেলার অর্থনৈতিক সম্ভাবনার অন্যতম ভিত্তি। সেই উদ্যোগগুলির ধারাবাহিকতা বজায় রেখে নতুন শিল্প ও কর্মসংস্থানের পথ তৈরি করার পরিবর্তে সরকার কেন নীরব?
সবচেয়ে উদ্বেগজনক বিষয়, কয়লা শিল্পের ভবিষ্যৎ। আমাদের জেলার অর্থনীতি, শ্রমজীবী মানুষের জীবন এবং সামাজিক কাঠামোর সঙ্গে কয়লা শিল্প গভীরভাবে যুক্ত। একের পর এক কয়লাখনি ও সংশ্লিষ্ট শিল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। কোথাও উৎপাদন কমছে, কোথাও বন্ধের আশঙ্কা, কোথাও বেসরকারিকরণের পরিকল্পনা। অথচ এই বিশাল শিল্পাঞ্চলের ভবিষ্যৎ নিয়ে রাজ্য সরকারের সুস্পষ্ট বক্তব্য বা কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে— যাহা তৃণমূল, তাহাই বিজেপি?  আজ  বেসরকারিকরণ ও শ্রমিক বিরোধী নীতির পথে দ্রুত এগিয়ে চলেছে বিজেপি। তৃণমূল চুরি দুর্নীতি আক্রমণ বেআইনি  পদক্ষেপের যে পথ যে পথ তৈরি করেছিল, বিজেপি যেন সেই পথেই আরও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নীতির প্রশ্নে এই সাদৃশ্য মানুষের সামনে  ক্রমশ স্পষ্ট হচ্ছে।
এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে পশ্চিম বর্ধমান জেলাকে রক্ষা করার জন্যই রানিগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকে প্রশ্ন করতে পারেন, পদযাত্রা করে কি শিল্প বাঁচানো যায়? পদযাত্রা করলেই কি বন্ধ হয়ে যাওয়া কারখানা খুলে যাবে? নিশ্চয়ই না। কিন্তু পদযাত্রার প্রধান উদ্দেশ্য শুধু তাৎক্ষণিক কোনও দাবি আদায় নয়। এর প্রধান উদ্দেশ্য মানুষকে সচেতন করা, জেলার বিপন্ন অর্থনৈতিক বাস্তবতাকে বৃহত্তর সমাজের সামনে তুলে ধরা এবং মানুষের মধ্যে ঐক্য ও প্রতিরোধের শক্তি গড়ে তোলা।
মানুষকে বোঝাতে হবে, আমরা কী ভয়ঙ্কর বিপদের সামনে দাঁড়িয়ে রয়েছি। শিল্পের জমি পড়ে থাকবে, কারখানা বন্ধ হবে, শ্রমিক কর্মহীন হবেন, অথচ নতুন শিল্পের কোনও বাস্তব পরিকল্পনা থাকবে না—এভাবে একটি জেলার ভবিষ্যৎ তৈরি হতে পারে না।
আমাদের দাবি, পরিত্যক্ত ও অব্যবহৃত শিল্পর জমিকে নতুনভাবে কাজে লাগাতে, বন্ধ বা পরিত্যক্ত শিল্পপ্রতিষ্ঠানের জমি ও পরিকাঠামোকে কাজে লাগিয়ে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা নিতে হবে। বেদান্তকে দিয়ে যে শিল্পপ্রকল্পের কথা বলা হচ্ছে, তার প্রকৃত রূপরেখা কী, বিনিয়োগ কত, কত কর্মসংস্থান হবে, শ্রমিকদের অধিকার ও চাকরির নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে— এসব প্রশ্নের উত্তর প্রকাশ্যে ঘোষণা করতে হবে। একসময় সরকারি উদ্যোগে গড়ে ওঠা শিল্পের ভবিষ্যৎ আজ কোন পথে পরিচালিত হচ্ছে, তা মানুষকে জানাতে হবে। শুধু মালিকের স্বার্থ নয়, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থকেও শিল্পনীতির কেন্দ্রে রাখতে হবে।
কয়লা উত্তোলনের পর বহু জায়গায় যে বিপুল পরিমাণ মাটি পাহাড়ের মতো জমা হয়ে রয়েছে, সেগুলিকেও নতুন অর্থনৈতিক সম্ভাবনার অংশ করা যায়। কৃষিবিদ, বিশেষজ্ঞ এবং স্থানীয় মানুষের সঙ্গে আলোচনা করে ওই জমিকে সমতল ও কৃষিকাজের উপযোগী করে তোলার পরিকল্পনা নেওয়া যেতে পারে। উপযুক্ত জমি মানুষের হাতে তুলে দিয়ে কৃষি ও সংশ্লিষ্ট জীবিকার নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। অর্থাৎ শিল্পের পাশাপাশি কৃষি, পরিবেশ এবং বিকল্প কর্মসংস্থানের কথাও ভাবতে হবে।
পশ্চিম বর্ধমানের পর্যটন সম্ভাবনাকেও অবহেলা করা যায় না। এই জেলার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো সম্ভব। শিল্প, কৃষি, পর্যটন এবং পরিষেবা ক্ষেত্রের সমন্বয়ে একটি বহুমুখী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
দুঃখের বিষয়, রাজ্য সরকারের বক্তব্য ও কর্মকাণ্ডে এই ধরনের সুসংহত উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন দেখা যাচ্ছে না। ধর্মীয় বিভাজন, জাতপাতের সমীকরণ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করার বাইরে মানুষের জীবন-জীবিকা, শিল্পের ভবিষ্যৎ, কর্মসংস্থান ও গণতান্ত্রিক অধিকার নিয়ে যথেষ্ট আলোচনা কোথায়?
আজ তাই আমাদের লড়াই কেবল একটি কারখানা বাঁচানোর লড়াই নয়। এটি একটি জেলার অর্থনীতি বাঁচানোর লড়াই, শ্রমিকের অধিকার রক্ষার লড়াই, কর্মসংস্থানের ভবিষ্যৎ রক্ষার লড়াই। এটি মানুষের গণতান্ত্রিক অধিকার ও মর্যাদা রক্ষার লড়াই।
রানিগঞ্জ থেকে কলকাতা পর্যন্ত পদযাত্রা সেই বৃহত্তর সংগ্রামেরই একটি অংশ। এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই, জেলার বিপন্ন বাস্তবতাকে তুলে ধরতে চাই এবং একটি বিকল্প উন্নয়নের ভাবনা প্রতিষ্ঠা করতে চাই।
পশ্চিম বর্ধমানকে রক্ষা করতে হলে শিল্পকে রক্ষা করতে হবে। শিল্পকে রক্ষা করতে হলে শ্রমিককে রক্ষা করতে হবে। আর শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষা না করে কোনও উন্নয়নই প্রকৃত উন্নয়ন হতে পারে না।
আমাদের অঙ্গীকার হোক—শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও, কয়লা শিল্প বাঁচাও। রক্ষা করো পশ্চিম বর্ধমানকে, রক্ষা করো মানুষের অধিকার, রক্ষা করো আগামী প্রজন্মের ভবিষ্যৎ।

Comments :0

Login to leave a comment