Domohoni Accident

প্রবল বৃষ্টিতে দোমোহনিতে লরি উলটে মৃত্যু চালকের

জেলা

প্রবল বৃষ্টিতে জলপাইগড়ি জেলার দোমোহনিতে নয়ানজুলিতে উল্টে পড়েছে লরি।

বর্ষার বৃষ্টিতে বিপদ মাথায় নিয়েই চলাচল করছেন সাধারণ মানুষ ও দূরপাল্লার পণ্যবাহী গাড়ির চালকরা। সেই বিপদেরই মর্মান্তিক পরিণতি দেখা গেল রবিবার ভোররাতে জাতীয় সড়কের দোমোহনি এলাকায়। প্রবল বৃষ্টির মধ্যে উত্তর প্রদেশ থেকে আসাম যাওয়ার পথে আম বোঝাই একটি লরি রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে। ঘটনায় স্টিয়ারিংয়ে আটকে পড়ে মৃত্যু হয় চালক মহম্মদ আসিফের। তাঁর বাড়ি উত্তর প্রদেশের মুজফ্‌ফরনগরে। আহত হন লরির খালাসি। দুর্ঘটনায় লরিতে থাকা বিপুল পরিমাণ আমও নষ্ট হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের সহায়তায় চালকের দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহত খালাসিকেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
উত্তর প্রদেশ থেকে বিহার, পশ্চিমবঙ্গ হয়ে জাতীয় সড়ক ২৭ ধরে অসমে যাওয়ার পথে দোমোহনি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু স্থানীয়দের অভিযোগ, চার লেন জাতীয় সড়কে টোল আদায় হলেও বহু জায়গায় রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। বিশেষ করে দোমোহনি এলাকায় পর্যাপ্ত দিকনির্দেশিকা, প্রতিফলক চিহ্ন ও সতর্কীকরণ ব্যবস্থা না থাকায় প্রবল বর্ষায় দৃশ্যমানতা কমে গেলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। রাস্তার ধারে গভীর নয়ানজুলি ও জল জমে থাকাও বিপদ বাড়ায়।

Comments :0

Login to leave a comment