১০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে সাড়ে আট বছরের এক নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল ৬২ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার। ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী ওই বৃদ্ধ দীর্ঘদিনের পরিচিত হওয়ার সুযোগ নিয়ে নাবালিকার বাড়িতে যাতায়াত করত।
অভিযোগ, পরিচয়ের সুযোগ নিয়ে বৃদ্ধ ওই নাবালিকাকে বিভিন্ন সময়ে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যেত এবং যৌন নির্যাতন চালাত। এইভাবে একাধিকবার ওই নাবালিকা পৈশাচিক লালসার শিকার হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি নাবালিকাটি অসুস্থ বোধ করলে সে তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। বিভীষিকাময় তথ্য জানার পর নাবালিকার মা ধূপগুড়ি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযানে নেমে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে। নাবালিকাকে চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ধৃত বৃদ্ধকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়।
ঘটনার তীব্র নিন্দা করে সিপিআই(এম)-এর প্রাক্তন বিধায়ক মমতা রায় অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানান।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাজ্যে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নাতনি সম বয়সী এক শিশুর ওপর এই ধরনের পৈশাচিক অত্যাচার প্রমাণ করে সমাজ ও রাজ্যে কতটা নিরাপত্তাহীনতা চলছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে তৎপর হতে হবে।"
এলাকাবাসীও এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি তুলেছেন। ধূপগুড়ি ব্লকের মতো এলাকায় এমন ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।
Dhupguri 8-year old girl raped
টাকার লোভ দেখিয়ে, ৮ বছরের নাবালিকাকে ধর্ষণ ধূপগুড়িতে
×
Comments :0