গভীর সমুদ্র জাহাজ বন্দর চালুর ছয় মাসও পার হয়নি। কেরালার ভিঝিনজাম সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিদেশি সংস্থার হাতে তুলে দিচ্ছে আদানি গোষ্ঠী।
পরিস্থিতিতে হস্তক্ষেপের আবেদন জানিয়ে শেয়ার বাজার নিয়ন্ত্রক ‘সেবি’-কে চিঠি দিয়েছেন কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পরিস্থিতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কেরালায়।
বিধানসভার বিরোধী দলনেতা বিজয়ন ‘সেবি’-কে লিখেছেন, শর্ত অনুযায়ী শেয়ারের ধরন বদলাতে হলে রাজ্য সরকারের আগাম অনুমোদন নেওয়ার কথা। তা না করেই এই শেয়ারের হাতবদল পুরো চুক্তিকেই ভাঙছে।
সিপিআই(এম) কেরালার কংগ্রেস সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। সাধারণ সম্পাদক এম এ বেবি বলেছেন, ‘‘রাজ্য সরকার সঠিক ভূমিকা নিলে আদানি গোষ্ঠী এমন একতরফা ঘোষণা করতে পারত না।’’
প্রশ্নের মুখে কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন বিধানসভায় বলেছেন, ‘‘সরকারকে জানায়নি আদানি গোষ্ঠী। আমরাও সংবাদমাধ্যমে খবর পড়ে জানতে পারছি।’’ তিনি বলেছেন যে একাধিক বিষয় বিচার করবে রাজ্য সরকার। তার মধ্যে রয়েছে জাতীয় সুরক্ষা, বন্দরে অবাধ চলাচল, পরিচ্ছন্ন প্রতিযোগিতা এবং কেরালার দীর্ঘমেয়াদী স্বার্থ।
আদানি ভিঝিনজাম পোর্ট প্রাইভেট লিমিটেডের ৪৯ শতাংশ টার্মিনাল ইনভেস্টমেন্ট লিমিটেডকে তুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে গত ৩০ জুন। টার্মিনাল ইনভেস্টমেন্ট সুৎজারল্যান্ডের মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানির শাখা। কিছুদিন আগে এই সংস্থার একটি জাহাজ ডুবে দূষণ ছড়ায়। সেই সংস্থাই সমুদ্রবন্দরের একচেটিয়া কর্তৃত্ব নিতে চাইছে।
ভিঝিনজাম বন্দর ভারতে প্রথম ‘ট্রান্সশিপমেন্ট’ গভীর সমুদ্র বন্দর। এখানে বড় জাহাজ নোঙর করার পর ছোট জলযানে পণ্য অন্য বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। গত ২ মে বন্দরের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
বিজয়ন সেবি-কে লিখেছেন, ‘‘আদানি গোষ্ঠীর থেকে শেয়ার হস্তান্তরের পরিকল্পনা সম্পর্কে নথি চাওয়া হোক। কেন শেয়ার বিক্রির পরিকল্পনা তা-ও জানতে চাওয়া হোক। ‘সেবি’-র বিধিও মানা হয়নি শেয়া বিক্রির এই পরিকল্পনায়।’’
সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বিজয়ন আরও লিখেছেন, ‘‘রাজ্যের সরকারকে বাদ দিয়ে আদানি গোষ্ঠী একতরফা সিদ্ধান্ত নিতে পারে না।’’ সোশাল মিডিয়া পোস্টে বিজয়ন লিখেছেন, ‘‘আমরা বিরোধীরা রাজ্যের সরকার এবং আদানির গোপন বোঝাপড়ার বিরুদ্ধে রাজনৈতিক এবং আইনি লড়াই চালাবো।’’
Adani Vizhinjam Pinarayi Vijayan
ভিঝিনজামের ৪৯% শেয়ার বিদেশি সংস্থাকে বেচছে আদানি, তীব্র বিরোধিতা বিজয়নের
পিনারাই বিজয়ন।
×
Comments :0