শনি পুজোর জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। সেই টাকা না দেওয়ায় রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির বড় কামাত শোভাবাড়ি এলাকায়। ঘটনায় পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ। এবিষয়ে স্থানীয় গৃহবধূ মমতা রায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ, রাত প্রায় ১১টা নাগাদ একদল ব্যক্তি তাঁদের বাড়িতে চড়াও হয়। জোর করে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর এবং গালিগালাজ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি,শনি পুজোর নামে ৫০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল। টাকা না দিলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে, এমনকী প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
হামলায় পরিবারের একাধিক সদস্য আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
তবে শনি পুজো কমিটি হামলার অভিযোগ অস্বীকার করেছে। কমিটির প্রতিনিধিদের দাবি, এই ঘটনার সঙ্গে পুজো কমিটির কোনও সম্পর্ক নেই। ৫০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগও ভিত্তিহীন বলে দাবি। তাঁদের বক্তব্য, তিনটি পাড়া মিলিয়ে পুজোর আয়োজন করা হয়।এত টাকা চাঁদা চাওয়ার কথা কেউ বলতে পারবেন না।মারধরের ঘটনার পিছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে বলেও তাঁদের অনুমান।
চাঁদা দাবি ও হামলার অভিযোগকে কেন্দ্র করে উভয় পক্ষই ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছে বলে জানা গেছে।অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। চাঁদা দাবি করা হয়েছিল কি না এবং হামলার সঙ্গে কারা যুক্ত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Maynaguri
পুজোর চাঁদা ৫০ হাজার না দেওয়ায় বাড়িতে হামলার অভিযোগ ময়নাগুড়িতে
×
Comments :0