ক্যানিংয়ের জীবনতলায় সিপিআই(এম) ও আইএসএফ’র মিছিলে বিজেপি হামলা চালিয়েছে। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন সিপিআই(এম) ও আইএসএফ’র কর্মীরা।
শনিবার এই সংঘর্ষের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে জীবনতলা এলাকায়। হামলা, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন জখম হয়েছেন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযোগ, শুক্রবার জীবনতলায় আইএসএফ কর্মী উসাহিদ মোল্লাকে মারধর করে বিজেপি কর্মীরা। তাঁকে কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইএসএফ’র পতাকা ছিঁড়ে দেয়।
বিজেপি’র হামলার প্রতিবাদে শনিবার সিপিআই(এম) ও আইএসএফ’র যৌথ উদ্যোগে মিছিলের ডাক দেওয়া হয়। এদিন জীবনতলায় মিছিল এলাকা ঘুরে ফেরার সময় বিজেপি’র মিছিল বের হয়। মিছিল থেকে সিপিআই(এম) ও আইএসএফ’র কর্মীদের উপর হামলা চালায় বিজেপি কর্মীরা। লাঠি নিয়ে হামলা, মারধর করে। পাল্টা প্রতিরোধ হয়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ। আহতদের প্রথমে খুঁচিতলা স্বাস্য্ল কেন্রো নিয়ে আসা হয়।
আক্রান্তদের মধ্যে রয়েছেন সিপিআই(এম) ক্যানিং-২ এরিয়া কমিটির সম্পাদক লোকমান মোল্লা, আইএসএফ’র ব্লক আহ্বায়ক আসরাফ সর্দার। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার খবর পেয়ে সিপিআই(এম) নেতা তুষার ঘোষ, ক্যানিং-১ এরিয়া কমিটির সম্পাদক তাপস অধিকারীসহ স্থানীয় নেতৃবৃন্দ খুঁচিতলা স্বাস্থ্য কেন্দ্রে আসেন। তাঁরা আহত কর্মীদের চিকিৎসার খোঁজখবর করেন। আক্রান্তদের কয়েকজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জীবনতলায় এই সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সিপিআই(এম) ও আইএসএফ নেতৃত্বের অভিযোগ, এলাকায় বিজেপি অশান্তির পরিবেশ তৈরির চক্রান্ত করছে। প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলেই বিজেপির মোকাবিলা করা হবে। এদিন প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
BJP attacks CPI(M)-ISF rally at Canning
ক্যানিংয়ে সিপিআই(এম)-আইএসএফ’র মিছিলে হামলা বিজেপি’র, প্রতিরোধ
×
Comments :0